রবিতে দুদিনে দ্বিগুণের বেশি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে যাঁরা রবি আজিয়াটার শেয়ার পেয়েছেন, তাঁদের টাকা দুদিনে দ্বিগুণ হয়ে গেছে। আইপিও শেয়ার বিজয়ী একজন বিনিয়োগকারীকে রবির ৫০০ শেয়ারের বাজারগুচ্ছ বা মার্কেট লটের জন্য বিনিয়োগ করতে হয়েছিল ৫ হাজার টাকা। আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়েছিল। আর আজ সেই ৫০০ শেয়ার বিক্রি করলে ওই বিনিয়োগকারী পাচ্ছেন ১১ হাজার ২৫০ টাকা। অর্থাৎ ৫ হাজার টাকা বিনিয়োগে মুনাফা বা লাভ ৬ হাজার ২৫০ টাকা। তাও আবার মাত্র দুদিনে।

শেয়ারবাজারে রবির অভিষেক হয়েছে গত বৃহস্পতিবার। লেনদেন শুরুর প্রথম দিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছিল। তালিকাভুক্তির প্রথম দিনে বেঁধে দেওয়া দামের সর্বোচ্চ উত্থান ঘটেছিল ওই দিন। একইভাবে লেনদেনের দ্বিতীয় দিনে আজ রোববারও দিনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে কোম্পানিটির শেয়ারের।

ডিএসইতে আজ সকালে লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতেই এটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে সাড়ে ৭ টাকা বা ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২২ টাকায়। এটিই কোম্পানিটির শেয়ারের আজকের দিনের সর্বোচ্চ দাম। লেনদেন শুরুর প্রথম দিনে বাজারে বিক্রেতা কম থাকলেও আজ সেই তুলনায় বিক্রেতা বেশি। প্রথম এক ঘণ্টার মধ্যে কোম্পানিটির প্রায় ৪৪ লাখ শেয়ারের হাতবদল হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। গত ২৩ নভেম্বর শেষ হয় রবির শেয়ারের আইপিও আবেদন। আর লেনদেন শুরু হয় ২৪ ডিসেম্বর। আইপিও আবেদন শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় শেয়ারবাজারের এটির লেনদেন শুরু হয়েছে। ফলে আইপিও বিজয়ীদের খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি দ্বিগুণ মুনাফার দেখা পেতে। এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মুনাফা পেয়েছেন তাঁরা।

এদিকে, আগের দিনের মতোই রবির তালিকাভুক্তিকে কেন্দ্র করে সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে বাজারে। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশের মতো বেড়েছিল। আর আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৭৯ পয়েন্ট বা দেড় শতাংশ।