রবির দিনে চাঙা শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচকটি এদিন ৮৫ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশ বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

  • ডিএসইর বাজার মূলধনে রবি যোগ করেছে প্রায় ৮ হাজার কোটি টাকা।

  • প্রথম দিনে রবির শেয়ারের দাম বেড়েছে ৫০% বা ৫ টাকা।

  • দিনভরই বলতে গেলে ছিল বিক্রেতাশূন্য, লেনদেন হয়েছে মাত্র ১৭ লাখ টাকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি আজিয়াটার লেনদেন শুরুর আগে কোম্পানিটির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্তি চুক্তি হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (সামনে বসা বাঁ থেকে) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ্ হাশিম, ডিএসইর সভাপতি ইউনুসুর রহমান, ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে
ছবি: ডিএসইর সৌজন্যে

গ্রামীণফোনের পর শেয়ারবাজারে রবি আজিয়াটার অভিষেকটাও হয়েছে চাঙাভাব দিয়ে। ২০০৯ সালের ১৬ নভেম্বর গ্রামীণফোনের অভিষেকের দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সে সময়কার প্রধান সূচকটি ৭৬৫ পয়েন্ট বেড়েছিল। আর রবি আজিয়াটার অভিষেকের দিনে গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৫ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশ। আর লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট লোকজন বলছেন, সূচক ও লেনদেনের চাঙাভাবের মধ্য দিয়ে গতকাল শেয়ারবাজারে রবির অভিষেক হয়েছে। তবে সূচক ও লেনদেনের বড় উত্থানে রবির তেমন কোনো প্রভাবই ছিল না এদিন। কারণ নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রবি এখনো সূচক গণনায় অন্তর্ভুক্ত হয়নি। আবার বিক্রেতা কম থাকায় লেনদেনও হয়েছে মাত্র সাড়ে ১৭ লাখ টাকার। তাই লেনদেনেও রবির তেমন কোনো প্রভাব ছিল না। তবে নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি বাজার মূলধনে বড় ধরনের প্রভাব ফেলেছে। রবির কারণেই গতকাল ডিএসইর বাজার মূলধনে নতুন করে প্রায় ৭ হাজার ৮৫৭ কোটি টাকার মূলধন যোগ হয়েছে। তাতে গতকাল দিন শেষে ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে প্রায় ১৩ হাজার ১১৪ কোটি টাকা বেড়ে সোয়া ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এদিকে রবির তালিকাভুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেনদেন শুরুর আগে ডিএসইতে দুই প্রতিষ্ঠানের মধ্যে তালিকাভুক্তির চুক্তি হয়। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (চলতি দায়িত্ব) মো. আবদুল লতিফ চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ্ হাশিম, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

২০০৯ সালের নভেম্বরে গ্রামীণফোনের তালিকাভুক্তির প্রায় এক যুগ পর এসে টেলিকম খাতের বহুজাতিক অপর কোম্পানি রবি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো। এখন পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা সবচেয়ে বড় মূলধনি কোম্পানি। এটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৮ কোটি টাকা।

রবির কোনো প্রভাব না থাকার পরও গতকাল শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় উত্থান ঘটেছে মূলত অন্যান্য কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টিরই দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৭৮টির। আর দাম কমেছে ৭৪টির। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ভালো মৌলভিত্তির বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে এদিন, যার প্রভাবে সূচকে বড় উত্থান ঘটে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ২৪৫ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৫ কোটি টাকা। ৪ মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৭ আগস্ট ডিএসইতে ১ হাজার ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের মতো সেকেন্ডারি বাজারেও রবির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে লেনদেন শুরুর প্রথম দিনে। এ কারণে প্রথম দিনেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে এটির শেয়ারের। দাম উঠেছে ১৫ টাকায়। সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পরও দিনভর বাজারে এটি বিক্রেতাশূন্যই ছিল।

আইপিওতে কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছিল। গতকাল লেনদেনের শুরুতেই ১০ টাকার শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ারের দাম প্রথম দিনে ৫০ শতাংশের বেশি বাড়তে পারে না। সেই হিসাবে বেঁধে দেওয়া দিনের সর্বোচ্চ দামেই লেনদেন শুরু হয় রবির শেয়ারের।

শেয়ারবাজার নিয়ে আলোচনা

এদিকে গতকাল পুঁজিবাজারবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘অতীতে অনেক দুষ্ট লোক পুঁজিবাজার নিয়ে নানা ধরনের খেলা করেছে। তাদের দিন শেষ হয়ে আসছে। ছয় মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই রূপ পাবে। চাইলেও কেউ এ বাজার নিয়ে ইচ্ছেমতো খেলতে পারবে না।’

একটি দৈনিক পত্রিকার অনলাইন চালু উপলক্ষে গতকাল বিএসইসির সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. মিজানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম।

বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, ‘এরই মধ্যে আমরা অনেকগুলো আইপিওর অনুমোদন দিয়েছি। কিন্তু তার কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়তে দেখিনি। বরং আইপিওর মাধ্যমে ব্যবসায়ীদের পুঁজির জোগান হচ্ছে। উদ্যোক্তারা লাভবান হচ্ছেন। বাজারের গভীরতা বাড়ছে। যদি কখনো দেখি বাজারের স্বার্থে আইপিওর অনুমোদনে কিছুটা ধীরগতি দরকার, সেটাও আমরা করব।’

সেমিনারে আলোচক ছিলেন বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান, পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম প্রমুখ।