রমজান মাসের প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি পাল্টালেও কমেনি লেনদেনের সময়। তা সত্ত্বেও রমজানের প্রথম দিনে গতকাল রোববার শেয়ারবাজারে মাঝারি মানের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪১ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১২৩ পয়েন্ট বা প্রায় পৌনে ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৪ পয়েন্টে। সূচকের পাশাপাশি দুই বাজারেই লেনদেনের বেশ অবনতি ঘটেছে।

রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে টানা চলে বেলা দুইটা পর্যন্ত। আগে সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলত। সেই হিসাবে দিনে একটানা চার ঘণ্টার লেনদেন হতো। রমজান মাসে সময়সূচি কমলেও লেনদেন সময়ে হেরফের হয়নি। অন্যান্য বছর লেনদেন সময় ৩০ মিনিট কমে গিয়েছিল রমজানে। সাম্প্রতিক সময়ের মধ্যে এ বছরই প্রথমবারের মতো লেনদেন সময় কমানো হয়নি।

ডিএসইসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সময় কমালে লেনদেনের পরিমাণ কমে যেতে পারে—এ আশঙ্কা থেকে লেনদেনের সময় কমানো হয়নি। তবে সময় না কমালেও রমজানের প্রথম দিনেই দুই বাজারে লেনদেন বেশ কমে গেছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬১ কোটি টাকা কম। গতকাল এক দিনেই কমে গেছে প্রায় ৩১ শতাংশ লেনদেন। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে গতকালই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার বাজারে সর্বনিম্ন ৩১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে একমাত্র বিবিধ খাতটিই ছিল কিছুটা ইতিবাচক। বাকি সব খাতেই ছিল নেতিবাচক প্রবণতা। এর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিরই সবচেয়ে বেশি দরপতন ঘটেছে।

ঢাকার বাজারে রোববার লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২১১টিরই দাম কমেছে, বেড়েছে ৭৫টির আর অপরিবর্তিত ছিল ৩৯টির দাম। দিন শেষে ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৩০ পয়সা বা প্রায় ১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৪০ পয়সায়। রেকর্ড তারিখের পর গতকালই কোম্পানিটির শেয়ারের পুনরায় লেনদেন শুরু হয়। ফলে এদিন কোম্পানিটির শেয়ারের দামের ওপর কোনো সীমা আরোপিত ছিল না। তাই দিন শেষে এটির ১১ শতাংশ পর্যন্ত দরপতন ঘটে।

ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ মিউচুয়াল ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম এদিন ৪ দশমিক ৭১ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৯০ পয়সায়। লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলস। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। প্রতিটি শেয়ারের দাম ১ টাকা বা সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৩০ পয়সায়।

চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেন নেমে এসেছে প্রায় ২১ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম। চলতি বছরের মধ্যে গতকালই সর্বনিম্ন লেনদেন হয়েছে সিএসইতে। চট্টগ্রামের বাজারে গতকাল ২২২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টিরই দাম কমেছে, বেড়েছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম।