রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। গতকাল বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। এ নিয়ে টানা পাঁচ দিন সূচকের পতন হলো দুই স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেন বেড়েছে ডিএসইতে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বিদ্যমান রাজনৈতিক সহিংসতার প্রভাব পড়ছে শেয়ারবাজারে। এতে বিনিয়োগকারীরা একপ্রকার হতাশার মধ্যে রয়েছেন। অনেকেই আবার আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। যে কারণে বাজারে শেয়ার বিক্রির চাপ প্রতিদিনই বেড়ে যাচ্ছে। তাই টানা দরপতন ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে টানা দরপতন হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই বিনিয়োগকারীদের অর্থ খোয়া যাচ্ছে। সে জন্য অধিকতর লোকসানের আশঙ্কায় অনেকেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সিএসইর সাবেক সভাপতি ফকরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে সব ‘সেক্টরেই’ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক খাতে অস্থিরতা দেখা দিয়েছে। শেয়ারবাজারেও প্রভাব পড়ছে। মানুষের কাছে টাকা থাকলেও কেউ নতুন করে বিনিয়োগে যেতে চান না। আবার অনেকে শেয়ার ছেড়ে দিয়ে বিনিয়োগ করা টাকা তুলে নিচ্ছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে এদিন ৪ হাজার ৪৪৩ পয়েন্টে নেমেছে। এ নিয়ে টানা পাঁচ দিনে ডিএসইএক্স সূচক কমেছে ২০৫ পয়েন্ট। ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমেছে।
গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে নেমে এসেছে।
আগের কার্যদিবস সোমবার ডিএসইএক্স সূচক কমেছিল ৫৮ পয়েন্ট। একই দিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ১৫৬ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে বেড়েছে ১০৪টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে মোট ৩১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৮৯ কোটি টাকার চেয়ে ২৪ কোটি টাকা বেশি।
অন্যদিকে সিএসইতে গতকাল ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৪৭টির ও অপরিবর্তিত থাকে ২১টি প্রতিষ্ঠানের। এই বাজারে এদিন ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।