রেকর্ড উচ্চতায় ডিএসইর সূচক ও মূলধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড উচ্চতায় উঠেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। পাশাপাশি ডিএসইর বাজার মূলধনও গতকাল সোমবার রেকর্ড উচ্চতায় উঠেছে।

দিন শেষে গতকাল ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় ওঠে। আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৯৯ হাজার ৮৬৬ টাকায়।

এর আগে সর্বশেষ ১৩ আগস্ট ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৯২২ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। একই দিনে বাজার মূলধনও রেকর্ড ৩ লাখ ৯৭ হাজার ৯৩০ টাকায় উঠেছিল। আগের সেই দুই রেকর্ড ভেঙে গতকাল সূচক ও বাজার মূলধনে নতুন রেকর্ড হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে বাজারে নতুন করে গতি সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বাজারে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেনেও। ফলে গতকাল দিন শেষে ঢাকার বাজারে লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাংক খাতের শেয়ার। এ কারণে ব্যাংক খাত লেনদেনে শক্ত অবস্থান ধরে রেখেছে। ব্যাংক খাতের বাইরে সিরামিক খাতের শেয়ারে গতকাল সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এদিন লেনদেন হওয়া সিরামিক খাতের ৫ কোম্পানির প্রতিটিরই দাম বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ দাম বেড়েছে মুন্নু সিরামিকসের। আর সর্বনিম্ন ২ টাকা ১০ পয়সা বা প্রায় পৌনে ৪ শতাংশ দর বেড়েছে আরএকে সিরামিকসের। এ ছাড়া ফুয়াং, শাইনপুকুর ও স্ট্যান্ডার্ড সিরামিকসের প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে বেড়েছে। ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম তিনটিই ছিল সিরামিক খাতের ফুয়াং, মুন্নু ও স্ট্যান্ডার্ড সিরামিকস।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। গতকাল ঢাকার বাজারে এককভাবে কোম্পানিটির প্রায় ৫৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা বা দেড় শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৫৫ টাকায়। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেব্‌লস। এদিন এককভাবে কোম্পানিটির ৪১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় দেড় শ টাকায়। তালিকাভুক্তির পর কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত তিন সদস্যের তদন্ত দল।