শেয়ারবাজারের লেনদেনও রোববার বন্ধ থাকবে। আর সোমবার থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। অর্থাৎ লেনদেনের সময় কমে নেমে আসবে ৩ ঘণ্টায়। আজ শেয়ারবাজারে সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ৪ ঘন্টা লেনদেন হয়। ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও শেয়ারবাজারের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।
কঠোর বিধিনিষেধে কী কী খোলা থাকবে আর কী কী বন্ধ থাকবে—এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয় আজ দুপুরে। সেখানে উল্লেখ করা হয়েছে, কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সরকারি ওই প্রজ্ঞাপনের পর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর সোমবার থেকে ব্যাংকের লেনদেন হবে সীমিত পরিসরে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও শেয়ারবাজারের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।
দুপুরে সরকারি প্রজ্ঞাপন জারির পরপর শেয়ারবাজারে দ্রুত বাড়তে থাকে সূচক। তাতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১০৮ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ পয়েন্টে।
ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে উল্লিখিত নির্দেশনার পর শেয়ারবাজারে তাৎক্ষণিকভাবে তার প্রভাব দেখা যায়। সরকারি প্রজ্ঞাপন জারির পরপর দ্রুত বাড়তে থাকে সূচক। তাতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১০৮ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ পয়েন্টে। এর আগে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেনের গতি ছিল বেশ মন্থর। কারণ, কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে কি না, এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু সরকারি প্রজ্ঞাপনের পর বিনিয়োগকারীরা ব্যাংক খোলা থাকার আভাস পেয়ে যান। আর তখনই দ্রুত বাড়তে থাকে শেয়ারবাজারে সূচক।