লভ্যাংশ না দিয়েই টাকা তুলে নিল সাইফ পাওয়ারটেক
প্রাক্-প্রাথমিক গণপ্রস্তাব বা প্রি-আইপিও শেয়ারধারীদের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ না করেই আইপিওর অনুমোদন পেয়েছে সাইফ পাওয়ারটেক।
চট্টগ্রাম বন্দরের কনটেইনার জেটি পরিচালনা ও জেনারেটরসহ ইলেকট্রনিকস বিভিন্ন সামগ্রী বাজারজাতকারী এই প্রতিষ্ঠানটিকে আইপিওর মাধ্যমে ৩৬ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৩০ টাকা। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কোম্পানিটি ৩৫ টাকা দরে প্রাক্-আইপিওতে শেয়ার বিক্রি করে ৬৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।
গত ৬ থেকে ১৯ জুলাই প্রতিষ্ঠানটি আইপিওর চাঁদা সংগ্রহ করে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই চাঁদা সংগ্রহ করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের আগের পাওনা পরিশোধ করেনি।
কোম্পানিটি ২০১১ ও ২০১২ সালে যথাক্রমে ১০ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও সব শেয়ারধারী সেই পাওনা বুঝে পাননি। অথচ এক বছরের ব্যবধানে কোম্পানিটির চেয়ারম্যানের বেতন-ভাতা ২০৮ শতাংশ বেড়েছে। আর দুই পরিচালকের বেতন-ভাতা বেড়েছে যথাক্রমে ২৬৫ ও ২৭১ শতাংশ।আইপিও প্রসপেক্টাস বা বিবরণীপত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদ স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে গঠিত একটি ‘পারিবারিক’ পর্ষদ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন তরফদার মো. রুহুল আমিন এবং তাঁর স্ত্রী তরফদার নিগার সুলতানা চেয়ারম্যান। আর অপর দুই পরিচালক হলেন পুত্র তরফদার মো. রুহুল সাইফ (২২) ও কন্যা রুবাইয়া চৌধুরী (২৪)। পরিচালক হিসেবে কোম্পানি থেকে রুহুল সাইফ বছরে ২৪ লাখ ও রুবাইয়া ৩০ লাখ টাকা বেতন-ভাতা পান। ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা ১৮ লাখ টাকা। আর চেয়ারম্যান পান ৩০ লাখ টাকা।
কোম্পানির একাধিক প্লেসমেন্ট শেয়ারধারী বলেন, বছরের পর বছর কোম্পানিতে তাঁদের বিনিয়োগের টাকা পড়ে থাকলেও তার বিপরীতে তেমন কোনো সুবিধা মেলেনি। এমনকি ঘোষিত লভ্যাংশের টাকার জন্য বারবার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলেও ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
যোগাযোগ করা হলে প্লেসমেন্ট শেয়ারধারী সৈয়দ জালাল আহমেদ বলেন, ‘আমরা কয়েকজন মিলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করেছিলাম। এরপর বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে দুই দফা লভ্যাংশ ঘোষণা করা হয়। কিন্তু লভ্যাংশের সব পাওনা আমরা এখনো বুঝে পাইনি। যদিও দীর্ঘদিন ধরে আমাদের বিনিয়োগের টাকায় কোম্পানি ব্যবসা করেছে।’
জানতে চাইলে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্লেসমেন্টে শেয়ার বিক্রির পর দুই দফায় লভ্যাংশ ঘোষণা করা হয়। নানা জটিলতায় কিছু কিছু লভ্যাংশ বিতরণ এখনো বাকি রয়েছে। সেগুলো দ্রুত বিতরণের জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানির মূলধন বাড়াতেই প্রধানত প্লেসমেন্টে শেয়ার বিক্রি করা হয়। বাংলাদেশে নিবন্ধিত ১০ কোটি টাকার বেশি মূলধনের কোনো কোম্পানি হলে বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি এটি করতে পারে না। বিএসইসির অনুমোদনের পর প্লেসমেন্টের শেয়ার বিক্রি হয়, আর তার ভিত্তিতে সেই শেয়ার কেনেন সাধারণ বিনিয়োগকারী। নিয়ম অনুযায়ী, আইপিওর বিবরণীপত্র প্রকাশের পরবর্তী তিন বছর প্লেসমেন্ট শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা (লক-ইন) থাকে।
এ বিষয়ে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, প্লেসমেন্টের শেয়ারধারীদের লভ্যাংশের টাকা বিতরণ না করলে কোনো কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া যাবে না—এ রকম আইনি কোনো বিধিনিষেধ নেই।
এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যখন কোনো কোম্পানি বিএসইসির অনুমোদন নিয়ে প্লেসমেন্টে শেয়ার বিক্রি করে, তখন ওই সব শেয়ারধারীর স্বার্থ সুরক্ষার দায়িত্বও বিএসইসির ওপর বর্তায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। যার কারণে প্লেসমেন্টের নামে নানা অনিয়ম আমরা দেখেছি।’
এদিকে প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা পরিপালনে আইপিও অনুমোদনের পর কোম্পানিটিতে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া
হয়েছে ব্যবসায়িকভাবে সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তাকে।
বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, ‘বিএসইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক সদস্য জালাল আহমেদকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ জুন এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনকে দেওয়া হয়। মজুমদার সিকদার অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি নিরীক্ষা প্রতিষ্ঠান এই নিয়োগের সত্যায়ন নিশ্চিত করেছে। এ ছাড়া সিকিউরিটিজ আইনের অন্যান্য শর্ত পরিপালনের পরই কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’
বিবরণীপত্রের তথ্য অনুযায়ী, সাইফ পাওয়ারটেকের আয়ের ৩৭ শতাংশই আসে বিপিডিবি থেকে। অর্থাৎ বিপিডিবির সঙ্গে সাইফ পাওয়ারটেকের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরেই বিপিডিবির সাবেক সদস্যকে স্বাধীন পরিচালক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বিএসইসির প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ হতে হবে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২০ সদস্যের। এদের মধ্যে এক-পঞ্চমাংশ হতে হবে স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক। অর্থাৎ কোনো কোম্পানির পাঁচজন পরিচালক থাকলে তার মধ্যে ন্যূনতম একজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। তবে বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্তির আগ পর্যন্ত কোনো কোম্পানির ক্ষেত্রে এটি পরিপালনের আইনি বাধ্যবাধকতা নেই। তা সত্ত্বেও আইপিও অনুমোদনের সময় সাইফ পাওয়ারটেককে চাঁদা সংগ্রহের আগে প্রাতিষ্ঠানিক সুশাসনের শর্ত পূরণ করতে বলা হয়।
এদিকে আইনি দুর্বলতার সুযোগে কোম্পানিগুলো নিজেদের পছন্দে স্বাধীন পরিচালক নিয়োগ দিচ্ছে। যদিও স্বাধীন পরিচালক কারা হতে পারবেন, তার মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে বিএসইসি। নিয়ম অনুযায়ী, নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে প্রথমে কোম্পানির পরিচালনা পর্ষদ স্বাধীন পরিচালক নিয়োগ দেয়। পরে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়। ফলে স্বাধীন পরিচালক বাছাইয়ে শেয়ারধারীদের কার্যকর ভূমিকা পালনের সুযোগ সীমিত।
এ বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘আমাদের দেশে শেয়ারধারীদের অবস্থান দুর্বল হওয়ার কারণেই কোম্পানি নিজেদের পছন্দে নানা কাজ করতে পারছে। অনেক সময় এজিএমে গুরুত্বপূর্ণ অনেক বিষয় বিবিধ আকারে পাস করিয়ে নেওয়া হচ্ছে। এসব দেখার যেন কেউ নেই।’
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীরা বিপুল অর্থ বিনিয়োগ করে থাকেন। কিন্তু কোম্পানি পরিচালনায় প্রত্যক্ষভাবে তাঁদের অংশগ্রহণের সুযোগ থাকে না। ফলে উদ্যোক্তা পরিচালকদের নিজেদের খেয়ালখুশিমতো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থেকে যায়। তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় স্বাধীন পরিচালক নিয়োগের বিধানটি চালু করা হয়। কিন্তু বাস্তবে স্বাধীন পরিচালকেরা কতটা সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ করেন, সেটি এখন প্রশ্নসাপেক্ষ।
কমেছে মুনাফা: বিবরণীপত্রে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে কোম্পানিটির প্রকৃত মুনাফা ধারাবাহিকভাবে কমেছে। ২০১১ সালে কোম্পানিটির (সহযোগী প্রতিষ্ঠানের মুনাফাসহ) কর-পরবর্তী মুনাফা ছিল প্রায় ১৫ কোটি ৬১ লাখ টাকা। ২০১২ ও ২০১৩ সালে তা কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ও আট কোটি ৮৪ লাখ টাকায়।
এ সম্পর্কে রুহুল আমিন বলেন, উল্লিখিত সময়ে নতুন কিছু প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। এ কারণে মুনাফা কমেছে।
শেয়ারধারী যখন ইস্যু ম্যানেজার: কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্চেন্ট ব্যাংক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই মার্চেন্ট ব্যাংকটি আবার সাইফ পাওয়ারটেকের প্রায় সাড়ে ৪ শতাংশ বা ২০ লাখ শেয়ারের মালিক। তাই কোম্পানিটির সঙ্গে আইসিবি ক্যাপিটালের সরাসরি স্বার্থসংশ্লিষ্ট বিষয় জড়িত রয়েছে। এ কারণে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপককে নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। যদিও সিকিউরিটিজ আইনে এ বিষয়ে সরাসরি কোনো বিধিনিষেধ নেই। তবে নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সিকিউরিটিজ আইনে কোনো ধরনের বিধিনিষেধ না থাকলেও বিষয়টি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, কোম্পানির অনেক তথ্যই আগে থেকে জেনে যাবে ইস্যু ব্যবস্থাপক। তাই আইন না থাকলে বিএসইসির উচিত নতুন আইন করে এ ধরনের পরিস্থিতি বন্ধ করা।’