লভ্যাংশের খবরে মূল্যবৃদ্ধি আইপিডিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ ঘোষণার খবরে গতকাল সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসির শেয়ারের দাম বেড়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩০ পয়সায়।
গত রোববার অনুষ্ঠিত আইপিডিসির পরিচালনা পর্ষদের সভায় ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য শেয়ারধারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ খবর গতকাল স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইটে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়েছে। এতে এদিন কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। ফলে দামেও ইতিবাচক প্রভাব পড়ে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরেও কোম্পানিটি শেয়ারধারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা। আর ২০১৬ সালে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। তাই লভ্যাংশের পরিমাণ না বাড়লেও আয় বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা এই শেয়ারের প্রতি আগ্রহী হয়েছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি কোম্পানিটি তাদের ব্যবসায়িক লক্ষ্য পরিবর্তন করতে ধুমধাম করে ব্র্যান্ডিং বা নাম পরিবর্তন করেছে। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে আইপিডিসি ফিন্যান্স।
লভ্যাংশের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করায় নিয়ম অনুযায়ী গতকাল আইপিডিসির শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা আরোপ ছিল না। ফলে লেনদেনের একপর্যায়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৩ টাকা ২০ পয়সা বেড়ে ৪৯ টাকায় উঠেছিল। যদিও দিন শেষে ওই বাড়তি দাম ধরে রাখতে পারেনি কোম্পানিটি।
আইপিডিসি ছাড়া গতকালের বাজারে মূল্যবৃদ্ধিতে আবারও নজর কেড়েছে ইসলামী ব্যাংক। গতকাল এক দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়। গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। ফলে ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়। এরপর থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারেরও দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। এতে কোম্পানিটির ৩০ টাকার শেয়ারের দাম একটানা বেড়ে সর্বোচ্চ ৪৮ টাকায় ওঠে। এরপর দামের গতি কিছুটা মন্থর হলেও গতকাল আবারও এটির শেয়ারের দামে দ্রুতগতি দেখা গেছে।
এদিকে ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধির ওপর ভর করে গতকাল সূচক বেড়েছে দেশের শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে আবারও ৫ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে। সর্বশেষ গত ২৬ জানুয়ারি ডিএসইএক্স ৫ হাজার ৬১৮ পয়েন্টের অবস্থানে ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ পয়েন্টে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতনের পরও সূচক বেড়েছে মূলত বড় ও মাঝারি মূলধনি কোম্পানির মূল্যবৃদ্ধির কারণে। এই দুই শ্রেণির মূল্যবৃদ্ধির বিপরীতে স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল ব্যাংক খাত। এই খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে প্রায় ২ শতাংশের মতো বেড়েছে।
ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৩টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র ৩টির আর অপরিবর্তিত ছিল ৪টির দাম। ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে গতকাল জায়গা করে নিয়েছে তিনটি ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক।
ঢাকার বাজারে গতকালও লেনদেনের শীর্ষ দুটি স্থান আঁকড়ে রেখেছে বারাকা পাওয়ার ও লংকাবাংলা ফিন্যান্স। বেশ কয়েক দিন ধরে কোম্পানি দুটি লেনদেনে আধিপত্য ধরে রেখেছে। গতকাল ডিএসইতে কোম্পানি দুটির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৮০ কোটি টাকা; যার মধ্যে ছিল বারাকা পাওয়ারের ৪৫ কোটি ও লংকাবাংলার ৩৫ কোটি টাকার লেনদেন।
দিন শেষে ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ৬৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৮ কোটি টাকায়। লেনদেনে আধিপত্য ছিল ওষুধ ও প্রকৌশল খাতের। আইডিএলসি ইনভেস্টমেন্টসের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারের গতকালের লেনদেনের প্রায় ৩০ শতাংশই ছিল এই দুই খাতের। তবে লেনদেন সামান্য কমেছে চট্টগ্রামের বাজারে। সেখানকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।