লাগামহীন ফরচুনের দাম, সূচক ঘুরছে ৬ হাজারে

মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই পাঁচ দিন ধরে একটানা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটছে কোম্পানিটির।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে পাঁচ দিন ধরে টানা ‘হল্টেড বা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি’ ঘটছে চামড়া খাতের কোম্পানি ফরচুন শুজের। তাতে এই পাঁচ দিনে কোম্পানিটির সাড়ে ২১ টাকার শেয়ারের দাম হয়েছে প্রায় সাড়ে ৩১ টাকা। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির শেয়ারের দাম ৪৫ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা বেড়েছে। গত ১ থেকে ৭ জুনের মধ্যে এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। বাজারসংশ্লিষ্টরা, এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলে অভিহিত করছেন। তাঁদের মতে, একমাত্র কারসাজির মাধ্যমেই এটি সম্ভব।

ধরা যাক, ১ জুন একজন বিনিয়োগকারী কোম্পানিটির ১ হাজার শেয়ার কিনেছেন। এ জন্য তাঁকে বিনিয়োগ করতে হয়েছে ২১ হাজার ৬০০ টাকা। গতকাল দিন শেষে ওই এক হাজার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ সাড়ে ২১ হাজার টাকা বিনিয়োগে পাঁচ দিনে লাভ ৯ হাজার ৮০০ টাকা।

বাজার তথ্য পর্যালোচনায় দেখা যায়, পাঁচ দিন ধরে প্রতিদিনই প্রায় ১০ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে কোম্পানিটির। বিদ্যমান নিয়ম অনুযায়ী, এ কোম্পানিটির দিনে ১০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির সুযোগ নেই। তাতে প্রতিদিনই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে, যেটিকে বাজারসংশ্লিষ্ট সবাই অস্বাভাবিক বলছেন। কারণ, করোনার কারণে দীর্ঘ সময় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। এ কারণে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু চার দশকের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের লোকসান করেছে। সেখানে একই ধরনের কোম্পানি হিসেবে ফরচুন শুজের ব্যবসায় কী এমন ঘটেছে, যার জন্য লাফিয়ে লাফিয়ে দাম বাড়বে প্রতিদিন। এ প্রশ্নই এখন বাজারের সব পক্ষের। ফরচুনের মতো বিমা খাতের কিছু কোম্পানির শেয়ারের দামেরও অস্বাভাবিক উত্থান হয়েছে সাম্প্রতিক সময়ে। কিন্তু এ ধরনের উত্থানের পরও কারণ খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নিশ্চুপ ভূমিকায় কারসাজিকারকেরা যা খুশি তাই করছে।

এদিকে ফরচুন শুজের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলেও বাজারে সূচক কমেছে গতকালও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ঘুরপাক খাচ্ছে ৬ হাজার পয়েন্ট ঘিরে। বাজার–সংশ্লিষ্টরা বলছেন, ছয় হাজারের ‘মনস্তাত্ত্বিক সীমা’য় আটকে আছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। গত সাত কার্যদিবস ৬ হাজার পয়েন্টকে কেন্দ্র করে এ সূচকটি ঘুরপাক খাচ্ছে।

সাম্প্রতিক সময়ের মধ্যে ডিএসইএক্স সূচকটি প্রথম ৬ হাজার পয়েন্ট ছাড়ায় গত ৩০ মে। এরপর এটি বাজেট ঘোষণার দিন অর্থাৎ গত বৃহস্পতিবার ৬ হাজার ৫৩ পয়েন্টে উঠেছিল।