বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের লেনদেন শুরু
লাফার্জ নিয়ে নানা আলোচনা, দিন শেষে লভ্যাংশ ঘোষণা
দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার থেকে বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হয়।
সাম্প্রতিক সময়ে নতুন তালিকাভুক্ত কোম্পানির বেলায় দামের যে উল্লম্ফন দেখা গেছে, শাশা ডেনিমসের বেলায় সেটি ঘটেনি। লেনদেনের প্রথম দিনে দুই বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ঘোরাফেরা করেছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও দামের কাছাকাছি। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৩৫ টাকা।
ঢাকা ও চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে শাশা ডেনিমসের প্রতিটি শেয়ারের মূল্য ছিল প্রায় ৩৭ টাকা। সেই হিসাবে এটির দাম বেড়েছে ২ টাকা। যদিও লেনদেনের একপর্যায়ে গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ টাকায় উঠেছিল। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাম্প্রতিক সময়ের নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর তুলনায় লেনদেনের প্রথম দিনে প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ হয়েছেন আইপিওতে শেয়ার বিজয়ীরা। তবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপ্রত্যাশিত দাম না হওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকি কমেছে।
দেশের শেয়ারবাজারে গতকাল লেনদেনের ক্ষেত্রে ব্যাপক আলোচনায় ছিল সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের পূর্বনির্ধারিত সভা ছিল। ওই সভায় বছর শেষে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণার বিষয়টি আলোচনায় ছিল। এ নিয়ে বাজারে নানা ধরনের গুজবও ছড়ায়। যার প্রভাবে এদিন কোম্পানিটির শেয়ারের দামেরও বেশ হেরফের হয়।
লেনদেনের একপর্যায়ে লাফার্জ সুরমার প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩ টাকা কমে নেমে আসে ১০৯ টাকা ৫০ পয়সায়। যদিও লেনদেনের শেষ ঘণ্টায় তা আগের দিনের চেয়ে ৩ টাকা বেড়ে দাঁড়ায় প্রায় ১১৬ টাকায়।
এদিকে পরিচালনা পর্ষদের সভা শেষে শেয়ারধারীদের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এর আগে কোম্পানিটি শেয়ারধারীদের অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এখন নতুন করে আরও ৫ শতাংশ লভ্যাংশের প্রস্তাব করায় বছর শেষে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ।
নিয়ম অনুযায়ী, বার্ষিক সাধারণ সভা শেষে ঘোষিত লভ্যাংশ বিতরণ সম্পন্ন করলে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শ্রেণিমানে পরিবর্তন হবে। বর্তমানে এটি স্টক এক্সচেঞ্জে ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানি। ১০ শতাংশ লভ্যাংশ বিতরণ সম্পন্ন হলে কোম্পানিটি ‘এ’ শ্রেণিতে উন্নীত হবে। স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, যেসব কোম্পানি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ বিতরণ করবে, কেবল সেসব কোম্পানি ‘এ’ শ্রেণিভুক্ত হবে।
লাফার্জ সুরমা ২০১৪ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের যে হিসাব দিয়েছে, তাতে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে সমাপ্ত বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৩ পয়সায়। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ১৯ পয়সা।