লাফার্জ সুরমার মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমার মুনাফা বেড়েছে।
ত্রৈমাসিক হিসাবে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ১১৬ শতাংশ বেড়েছে। আর ষাণ্মাসিক হিসাবে বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে মুনাফার এ চিত্র পাওয়া গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়কালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩১ পয়সা। এ ক্ষেত্রে মুনাফার ১১৬ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। আর চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) শেষে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ২১ পয়সা, আগের বছরের একই সময়ে সেটি ছিল ৯১ পয়সা। এ ক্ষেত্রে মুনাফার ৩৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে।
এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্তির পর গত জুনে লাফার্জ সুরমা সিমেন্ট প্রথমবারের মতো ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ইতিমধ্যে তা বিনিয়োগকারীদের মধ্যে বণ্টনও করা হয়েছে।
লাফার্জের মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) মাসুদ খান প্রথম আলোকে বলেন, ‘মূলত চারটি কারণে আমাদের প্রতিষ্ঠানের আয়ে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পণ্যের বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ কমেছে। এ ছাড়া ব্যাংকঋণের যে পরিমাণ সুদ আগে দিতে হতো, তা এ সময়ে এসে অর্ধেকের বেশি কমে গেছে। পাশাপাশি বিলম্বিত কর বা ডেফার্ড ট্যাক্সও কমেছে। এসব কারণেই মূলত আয় অনেক বেড়ে গেছে।’