লেনদেনযন্ত্রের কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবারও লেনদেনে বিঘ্ন ঘটেছে। এ কারণে দ্বিতীয় দিনের মতো গতকাল ডিএসইতে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর লেনদেন শুরু হয়।
এর আগে রোববারও কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব ও মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট লেনদেন হয়। যদিও রোববার দিন শেষে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে।
সেখানে গতকাল বেলা সোয়া ১২টায় লেনদেন শুরু হয়ে তা চলে বেলা সোয়া চারটা পর্যন্ত। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা চার ঘণ্টা লেনদেন চলে।
পর পর দুই দিন একই ধরনের কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিঘ্ন ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীসহ লেনদেনের সঙ্গে যুক্ত ব্রোকারেজ হাউস (বর্তমানে ট্রেক হোল্ডার হিসেবে অভিহিত) মালিক, লেনদেনকারী (ট্রেডার) ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এমনকি এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল দুপুরের পর ডিএসইর কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে ডেকে এনে তাতে এ উদ্বেগের বিষয়টি জানানো হয়। পাশাপাশি এ ঘটনায় ডিএসইর কাছ থেকে লিখিতভাবে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে বিএসইসির পক্ষ থেকে ডিএসই কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।
যোগাযোগ করা হলে সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে এনে এ সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ডিএসইতে দক্ষ একটি কারিগরি দল বা টিম তৈরি ও প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এক বছর ধরে ডিএসইর সিটিওর পদটি শূন্য রয়েছে। গত বছরের মে মাসে কর্তৃপক্ষের সঙ্গে মতভিন্নতার কারণে ১৪ বছর ধরে আইটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী তৎকালীন সিটিও পদত্যাগ করেন। এরপর থেকেই পদ শূন্য রয়েছে। এমনকি সিটিও চলে যাওয়ার পর পর ওই বিভাগের অপর একজন উপমহাব্যবস্থাপকও (ডিজিএম) চাকরি ছেড়ে বিদেশ পাড়ি জমান। ফলে আইটি বিভাগে দক্ষ কর্মকর্তার সংখ্যা কমে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিএসইতে নতুন লেনদেনযন্ত্র কেনা নিয়ে প্রভাবশালী কয়েকজন সাবেক পরিচালকের অতি আগ্রহ ছিল। তাঁদের আগ্রহে এমএসএ প্লাস নামে একটি লেনদেনযন্ত্র কেনা হয়েছিল। সেটিতে কয়েক দফা সমস্যা দেখা দেওয়ায় পরে তা পরিবর্তন করে নতুনভাবে আবার লেনদেনযন্ত্র কেনা হয়। সর্বশেষ গত বছরের ১১ ডিসেম্বর বর্তমান লেনদেনযন্ত্রটি চালু হয় ডিএসইতে। ছয় মাস না যেতেই গত দুই দিনে তাতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়, যা সামাল দেওয়ার মতো কারিগরি দক্ষতা ডিএসইর নেই। এই বাস্তবতায় বিদেশ থেকে দ্রুত সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞকে এনে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য বিএসইসি নির্দেশ দিয়েছে।
বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। বেড়েছে লেনদেনও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৩ শতাংশ বা ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৫ পয়েন্টে। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫৬ কোটি টাকা। গত বছরের ৯ নভেম্বরের পর এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। গত বছরের ওই দিনে ডিএসইতে প্রায় ৮৫৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকটি গতকাল ৩০৯ পয়েন্ট বা সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।