লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়াল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নয় কার্যদিবস পর লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ৩০ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৭৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা। গত ৩০ জানুয়ারির পর চট্টগ্রামের বাজারেও এটি সর্বোচ্চ লেনদেন, ওই দিন সিএসইতে প্রায় ৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে লেনদেনের পাশাপাশি গতকাল উভয় বাজারে সূচকও বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৯ পয়েন্টে। যদিও এদিন ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। তারপরও সূচক বেড়েছে মূলত মৌলভিত্তি ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটানা উত্থানের পর কয়েক দিনের বড় ধরনের দরপতনে বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখন সেখান থেকে বেরিয়ে আবারও বাজার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছে। যার প্রভাবে লেনদেনও একটু একটু করে বাড়ছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির প্রভাব ছিল বাছাই কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকে। এদিন এই সূচক প্রায় পৌনে ১ শতাংশ বা ১৪ পয়েন্ট বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম ৩ দশমিক ২০ শতাংশ বা প্রায় ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮ টাকায়।
ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানি তিতাস গ্যাস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বা ৩ টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকায়। তিতাস গ্যাস ও গ্রামীণফোনের শেয়ারের মূল্যবৃদ্ধি গতকাল ডিএসইর সূচক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে লভ্যাংশ ঘোষণার খবরে দাম বেড়েছে রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনেরও (বিএসসি)। কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর ঘোষিত এ লভ্যাংশের জন্য শেয়ারধারীদের মধ্য থেকে মালিকানা নির্ধারণ করতে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে আগামী ৬ মার্চ। ওই তারিখে যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, কেবল তাঁরাই ঘোষিত লভ্যাংশের যোগ্য দাবিদার হিসেবে বিবেচিত হবেন। আর ঘোষিত লভ্যাংশের চূড়ান্ত অনুমোদন হবে আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএমে)।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিএসসির লভ্যাংশ-সংক্রান্ত খবর প্রকাশের পর গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ শতাংশ বা ১৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ টাকায়।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সোয়া ৪ শতাংশ। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম পৌনে ৩ শতাংশ বা আড়াই টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৪ টাকায়। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের তথ্য অনুযায়ী, গতকালের বাজারে লেনদেনে সবচেয়ে সক্রিয় ছিল ওষুধ খাতের শেয়ার। এ খাতের লেনদেন হওয়া ২৮ কোম্পানির মধ্যে ২১টিরই দাম বেড়েছে।