লেনদেন ও মূল্যবৃদ্ধিতে ব্যাংক খাতের আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার ছিল ব্যাংক খাতের শেয়ারের আধিপত্যের দিন। এদিন লেনদেনের পাশাপাশি মূল্যবৃদ্ধিতেও দাপুটে অবস্থানে ছিল ব্যাংক। আর ব্যাংক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির ওপর ভর করে এদিন সূচকও বেড়েছে বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮১ পয়েন্টে। তবে সূচক বাড়লেও ঢাকার বাজারে লেনদেন কমেছে এদিন। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক। এদিন এককভাবে কোম্পানিটির ৩১ কোটি টাকার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ২০ পয়সায়।
শুধু তা-ই নয়, প্রধান বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। এগুলো হলো আইএফআইসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সিটি, ন্যাশনাল ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে ব্যাংক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ছিল বাড়তি আগ্রহ। এদিন ঢাকার বাজারের লেনদেনের প্রায় ২৯ শতাংশই ছিল এ খাতের। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ২৯ ব্যাংকের মধ্যে ২৩টিরই দাম বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচকটি গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। সর্বশেষ গত ২৪ জানুয়ারি ডিএসইএক্স ৫ হাজার ৭০৮ পয়েন্টে উঠেছিল। এরপর দরপতন শুরু হলে সূচকও কমতে কমতে সর্বনিম্ন ৫ হাজার ৩২২ পয়েন্টে নেমে এসেছিল। সেখান থেকে আবার বাড়তে শুরু করে প্রধান সূচকটি। গতকাল দিন শেষে যা ৫ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে লেনদেনের পাশাপাশি গতকাল ডিএসইতে মূল্যবৃদ্ধিরও শীর্ষে ছিল আইএফআইসি। দ্বিতীয় অবস্থানে ছিল যমুনা ব্যাংক। এদিন ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৪০ পয়সা বা প্রায় সোয়া ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকটি গতকাল দিন শেষে ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০৯ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।