লেনদেন ও সূচক পতনের মধ্যে নতুন সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সপ্তাহের শুরুতেও দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। গতকাল রোববার দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি আগের কর্মদিবস বৃহস্পতিবারের চেয়ে লেনদেনও কমেছে উভয় বাজারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৫ পয়েন্টে নেমে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২০৭ পয়েন্টে।
দেশের শেয়ারবাজারে অনেক দিন ধরেই দুরবস্থা চলছে। এ বছরের শুরুর দিক থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেওয়ায় শেয়ারবাজারে প্রভাব পড়েছিল বলে মনে করা হয়। কিন্তু সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে রাজনীতিতে একধরনের স্বস্তি ফিরলেও শেয়ারবাজারে দরপতন থামছে না। টানা কয়েক দিন পতনের পর নামমাত্র উত্থান দেখা যায়। এর পরই আবার শুরু হয় পতন।
বিশ্লেষকেরা মনে করেন, সাধারণ বিনিয়োগকারীরা আস্থার অভাবে থাকায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আর্থিক সংকটে পড়ায় শেয়ার কেনাবেচায় তেমন সক্রিয় হতে পারছেন না। সে জন্য শেয়ারের দর ও সূচকের পতন ঘটে চলেছে।
এদিন প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের দিনের চেয়ে ১৯০টির দাম কমেছে। বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত থাকে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই বাজারে গতকাল প্রায় ২৮৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭৮ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে এদিন ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে কমেছে ১৪৫টির, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই বাজারে গতকাল ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রায় ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে এমজেএল বিডি, ইফাদ অটোস, এসিআই, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বঙ্গজ, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।