লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২৩ পয়েন্টে। তবে লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকার নিচে।
অপর দিকে সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গত কার্যদিবসের তুলনায় আট কোটি টাকা কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসইতে আজ মোট লেনদেন ছাড়িয়েছে ৪৮৮ কোটি ৯১ লাখ টাকা; যা গতকালের চেয়ে প্রায় ৩৮ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫২৬ কোটি ৭৮ লাখ টাকা।
আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল লিমিটেড ও অ্যাকটিভ ফাইন্যান্স।
ডিএসইতে আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৭টির। অপরিবর্তিত আছে ৬৭টির দাম।
সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪৬৯৫ পয়েন্টে। তবে সূচক বাড়লেও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কমেছে লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭০৬ কোটি টাকা, যা প্রায় ১০০ কোটি টাকা কম। গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৮০৭ কোটি টাকা।
অপর দিকে সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ২২ দশমিক ০৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি ৪০ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৭টির, অপরিবর্তিত আছে ৩৪টির।