লেনদেন কমেছে, সূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের দুটি শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে। তবে উভয় বাজারের মূল্যসূচক সামান্য বেড়েছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে। মোট লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬০ লাখ টাকার, যা গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারের ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার চেয়ে ৭৮ কোটি ৫ লাখ টাকা কম।
দিনের লেনদেন শেষে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের সর্বশেষ কার্যদিবসের চেয়ে মাত্র শূন্য দশমিক ৭৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮০ পয়েন্ট হয়েছে। তবে ডিএস-৩০ মূল্যসূচক শূন্য দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৭৬১ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ১২২ পয়েন্টে উন্নীত হয়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এই লেনদেন গত বৃহস্পতিবারের চেয়ে ৫ কোটি ১৭ লাখ টাকা কম। আর সিএসইর সার্বিক সূচক ১২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসইতে গতকাল মোট ৩২৫টি কোম্পানির প্রায় ৯ কোটি ২৩ লাখ ১০ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ার।
গতকাল ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০টি কোম্পানি হলো বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, আমান ফিড, বিএসআরএম স্টিল ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
আর মূল্যবৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো ইসলামী ব্যাংক, জেমিনী সি ফুড, বিএসআরএম লিমিটেড, আইপিডিসি, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, বিএসসি, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও আমান ফিড।
অন্যদিকে দাম কমার দিক থেকে শীর্ষ ১০টি কোম্পানি হলো লিব্রা ইনফিউশন, আইটিসি, সাভার রিফ্রেক্টরিজ, প্রিমিয়ার লিজিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিকস, মুন্নু স্টাফলার, ইউনাইটেড ইনস্যুরেন্স, সিএমসি কামাল ও স্টাইল ক্র্যাফট।