শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা কোম্পানি গঠন হতে যাচ্ছে। যার নাম হবে ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি। এ সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, খসড়া আইনটি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হবে। সংশ্লিষ্টদের মতামত গ্রহণের পরই আইনটির চূড়ান্ত রূপ দেওয়া হবে।
লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা কোম্পানি গঠন হলে তাতে শেয়ারবাজারে লেনদেন-সংক্রান্ত ঝুঁকি অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বর্তমানে বিভিন্ন ব্রোকারেজ হাউসের লেনদেনের বিপরীতে ‘জিম্মাদার’ হিসেবে কাজ করে স্টক এক্সচেঞ্জ। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নিজেরা এ কাজটি করে যাচ্ছে।
বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী, যদি কোনো ব্রোকারেজ হাউস লেনদেন নিষ্পত্তিতে অপারগ হয় সে ক্ষেত্রে ওই ব্রোকারেজ হাউসের হয়ে স্টক এক্সচেঞ্জ নিজে লেনদেন নিষ্পত্তি করে। এটি স্টক এক্সচেঞ্জের জন্য এক ধরনের ঝুঁকি। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত স্টক এক্সচেঞ্জ দুটিকে লেনদেন নিষ্পত্তিতে বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়তে হয়নি।
স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন কোম্পানি গঠিত হলে স্টক এক্সচেঞ্জকে লেনদেন নিষ্পত্তির জন্য আর ঝুঁকি নিতে হবে না। এ ক্ষেত্রে নতুন কোম্পানিই জিম্মাদারের কাজ করবে। তবে কীভাবে কাদের সমন্বয়ে ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি গঠন করা হবে তা চূড়ান্ত হয়নি।
বিএসইসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন, দুই স্টক এক্সচেঞ্জ নতুন কোম্পানির মালিকানার সঙ্গে যুক্ত থাকতে পারে। এর বাইরে একাধিক প্রতিষ্ঠানও তাতে যুক্ত হতে পারে।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার পর থেকে ‘লেনদেন নিষ্পত্তির প্রতিশ্রুত তহবিল’ নামে পৃথক তহবিল রয়েছে। প্রাথমিকভাবে দুই স্টক এক্সচেঞ্জের কাছে এ তহবিলের জন্য ১৫০ কোটি টাকা সংরক্ষিত আছে।
চট্টগ্রামে পুঁজিবাজার মেলা শুরু কাল: চট্টগ্রামে দুই দিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলায় চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ মেলার আয়োজন করেছে।
সিএসই কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন। এ সময় সিএসইর পরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। বিনিয়োগকারীদের সচেতন করে তুলতে মেলায় সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় বিনিয়োগকারীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে। সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় স্টলের সংখ্যা রাখা হয়েছে ৯৮টি। সিএসইর ২০ বছর পূর্তি উপলক্ষে এবার বড় আকারে মেলার আয়োজন করা হয়েছে।
দুই দিনের এ মেলায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এ নিউ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ’, ‘পার্সোনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট’, ‘অপরচুনিটিস অব ইনিশিয়াল পাবলিক অফারিং’ ও ‘ক্যাপিটাল মার্কেট রিফর্মস-রিসেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার প্ল্যানস’ শীর্ষক চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
মেলায় তালিকাভুক্ত কোম্পানিগুলো অংশ নেবে। মেলায় সহকারী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, বিএসআরএম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এস আলম গ্রুপ, সিভিও পেট্রোকেমিক্যাল ও ক্রাউন সিমেন্ট।