লেনদেন বাড়লেও তলানিতেই রয়ে গেছে
তিন দিন টানা দরপতনের পর দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার মূল্যসূচক ও লেনদেন খানিকটা বেড়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৯ পয়েন্ট বেড়ে হয়েছে প্রায় ১৩ হাজার ২১৬ পয়েন্ট।
আগের দিনের চেয়ে গতকাল দুই বাজারে লেনদেনের কিছুটা উন্নতি হলেও তা বেশ নাজুক অবস্থাতেই রয়ে গেছে। গত কয়েক দিনের টানা পতনে ঢাকার বাজারের লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। আর চট্টগ্রামের বাজারের লেনদেন এসে ঠেকেছে মাত্র ১৫ কোটিতে।
বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে এখন ক্রেতা-বিক্রেতা উভয়েরই অংশগ্রহণ কম। শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় একদিকে বিক্রেতার সংখ্যা কমে গেছে, অন্যদিকে ক্রেতা বাড়ছে না।
সাম্প্রতিক দরপতনে কেনাবেচা ৩০০ কোটি টাকার নিচে নেমে আসার বিষয়ে জানতে চাইলে শাকিল রিজভী বলেন, বাজারে লেনদেন শুরুর অপেক্ষায় থাকা একমি ল্যাবরেটরিজের শেয়ারে বেশ কিছু অর্থ আটকে আছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবেদন করেছেন। এতে করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও কিছু অর্থ আইপিওতে আটকে গেছে।
এদিকে, শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ যে নীতি-সহায়তা দিয়েছে, তার কোনো ইতিবাচক প্রভাব বাজারে পড়েনি। অথচ বাজারের পতন ঠেকাতে শেয়ার বিক্রি না করেও ব্যাংকগুলোকে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের নীতি-সহায়তা দেওয়া হয়।
এ প্রসঙ্গে শাকিল রিজভী বলেন, শেয়ারবাজারে বিভিন্ন পক্ষ থেকে একেক সময় একেকটি দাবিকে সামনে নিয়ে আসা হয়। বিশেষ সুবিধা দিলে বাজার বাড়বে, এমন ধারণা ও প্রচারণা থেকে বিনিয়োগকারীসহ বাজার-সংশ্লিষ্ট সবার বেরিয়ে আসা উচিত। শেয়ারবাজারে বিনিয়োগ হতে হবে কোম্পানির মৌল ভিত্তির ওপর ভিত্তি করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, লেনদেন যে পর্যায়ে নেমে এসেছে, তা শেয়ারবাজার নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো বার্তা বহন করে না। এ ছাড়া বাজারে এখন তারল্য সংকটও প্রবল।
ঢাকার বাজারে গতকাল ২৮৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হয় ১৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।