লেনদেন বাড়লেও সূচক কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে সূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে। এর মধ্য দিয়ে গতকাল দুই বাজারে টানা তৃতীয় দিনের মতো দরপতন ঘটল।
এদিকে দুই বাজারে বেশির ভাগ শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন। এ লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার। লেনদেন শুরুর প্রথম দিনেই দুই স্টক এক্সচেঞ্জে এককভাবে কোম্পানিটির প্রায় ৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রথম দিনেই দুই বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ৯৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এদিন লেনদেনেও শীর্ষস্থানে ছিল কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা যায়, ২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির পর সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতির প্রথম কোম্পানি হিসেবে ইউনাইটেড পাওয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। গতকাল ৯৮ টাকায় ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। দিন শেষে দর ওঠে ১৩৯ টাকা ৬০ পয়সায়। আর প্রথম দিনের দামের ভিত্তিতে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ২৫ দশমিক ০২-এ। কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ পিই রেশিও হিসাব করেছে ডিএসই।
লেনদেন শুরুর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে ইউনাইটেড পাওয়ারের শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৭২ টাকা। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর এ শেয়ারের নির্দেশক মূল্য ছিল ৬০ টাকা। এ পদ্ধতিতে কোম্পানিটি বাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে প্রায় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে।
২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির আগে বুক বিল্ডিং পদ্ধতিতে বেশ কিছু কোম্পানি বাজারে আসে। পরবর্তী সময়ে কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ও কিছু ত্রুটির কারণে পুরো পদ্ধতিটি প্রশ্নের মুখে পড়ে।
এরপর পুনর্গঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুক বিল্ডিং পদ্ধতিটি সংশোধন করে। সে সংশোধিত পদ্ধতি ব্যবহার করে প্রথম কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হলো ইউনাইটেড পাওয়ার।
এদিকে ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ৩১১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৪৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ২৭৪ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে গতকাল ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম কমেছে, বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ৩৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি।