লেনদেন বেড়েছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার লেনদেনে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল বুধবারের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে ৬০২ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬৪২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ৩০ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে এমজেএল বিডি। আজ প্রতিষ্ঠানটির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসর, অগ্নি সিস্টেমস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সামিট পাওয়ার প্রভৃতি।