লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে
লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি টাকা। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে দুই কোটি টাকার বেশি।
ডিএসইতে আজ লেনদেন শেষে সূচক সামান্য বেড়ে অবস্থান করছে ৪৬৯১ পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বিএসআরএম স্টিল, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন্যান্স লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। অপরিবর্তিত আছে ৫১টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ২০ দশমিক ১৮ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ২৮ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১২৯টির, অপরিবর্তিত আছে ৩১টির।