লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
নতুন বছরে প্রথমবারের মতো গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ বছরে প্রথমবারের মতো লেনদেন ৪০ কোটি টাকার বেশি হয়েছে। সেই সঙ্গে দুই বাজারে গতকাল সূচকও বেড়েছে।
সূচক ও লেনদেনের নেতিবাচক প্রবণতা দিয়ে শেয়ারবাজারে চলতি বছরের লেনদেন শুরু হয়েছিল। প্রথম দুই দিন নেতিবাচক প্রবণতা থাকলেও মঙ্গলবার থেকে ইতিবাচক ধারায় ফেরে ডিএসইর সূচক ও লেনদেন। ওই দিন এ বছরে প্রথমবারের মতো লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা গতকাল আরও বেড়েছে।
ঢাকার বাজারে বুধবার দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৫৬ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৮০ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি এদিন প্রায় ৭৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৮ পয়েন্ট ছাড়িয়ে গেছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী–আয় বা রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধির খবরে শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। অর্থনীতির ইতিবাচক সূচকগুলো বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
ঢাকার বাজারে এদিন লেনদেনে নেতৃত্ব দিয়েছে প্রকৌশল খাত। দিন শেষে বাজারের মোট লেনদেনের ২০ দশমিক ৫ শতাংশই ছিল এ খাতের।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার। এদিন কোম্পানিটির প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা ৩০ পয়সা বা প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ টাকায়।
সিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।