লেনদেন শুরুর ৩০ মিনিটেই বন্ধ চীনা শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার লেনদেন শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বন্ধ ঘোষণা করতে হয়েছে। দেশটির ২৫ বছরের শেয়ারবাজারের ইতিহাসে এটিই এক দিনে সবচেয়ে কম সময় লেনদেন হওয়ার প্রথম ঘটনা।
ব্যাপক দরপতনের মুখে চীনা শেয়ারবাজারে লেনদেন বন্ধের বেশ নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ ও এশিয়ার শীর্ষস্থানীয় শেয়ারবাজারগুলোতে। এর মধ্যে বিশেষ করে ইউরোপের প্রধান শেয়ার সূচকগুলো গতকাল ৩ শতাংশের বেশি কমেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এমনটি হয়েছে।
চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো গতকাল চীনা শেয়ারবাজারের প্রধান সূচক সাংহাই কম্পোজিট ইনডেক্স ৭ দশমিক ৩ শতাংশ মূল্যসূচক খুইয়েছে। এ কারণে নিয়ন্ত্রক সংস্থা চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) বলে দিয়েছে, বড় শেয়ারধারীরা ৯ জানুয়ারি থেকে তিন মাস পর্যন্ত কোনো একটি কোম্পানির ১ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে পারবে না।
এর আগে গত সোমবারও দেশটির শেয়ার সূচক ৭ শতাংশ পড়ে যাওয়ার পরিস্থিতিতে ‘সার্কিট ব্রেকার’-এর নিয়ম অনুযায়ী লেনদেন বন্ধ করা হয়।
সাধারণত শেয়ারবাজারে অস্থিরতার পরিস্থিতিতে দৈনিক লেনদেনে ব্যাপক উত্থান-পতন ঠেকাতে ‘সার্কিট ব্রেকার’ (শেয়ার দরের উত্থান-পতনের সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা, যা অতিক্রম করলেই লেনদেন বন্ধ ঘোষণা করা হয়) আরোপ করা হয়ে থাকে। এ রকম এক পরিস্থিতিতে গত গ্রীষ্মে চীন সার্কিট ব্রেকার আরোপ করে, যাতে ভয়ে-আতঙ্কে শেয়ার বিক্রির চাপ বেশি বেড়ে না যায়।
চীনা শেয়ারবাজারের আতঙ্ক গতকালও খুব দ্রুতই ইউরোপের বড় শেয়ারবাজারগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ৩ শতাংশ, জার্মানির ড্যাক্স সূচক ৩ দশমিক ৫৬ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ৩ দশমিক ১ শতাংশ পড়েছে।
এশিয়ার বড় বাজারগুলোতেও চীনের প্রভাব পড়েছে। এর মধ্যে হংকংয়ের হেং সেং সূচক ৩ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১ দশমিক ১ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স সূচক ২ দশমিক ২ শতাংশ কমেছে।
এদিকে পণ্য রপ্তানি বাড়ানোর পদক্ষেপ হিসেবে চীনা কেন্দ্রীয় ব্যাংক গতকাল যখন দেশটির মুদ্রা ইউয়ানের বিনিময় হার কমানোর ঘোষণা দেয়, তখন শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপটিকে ভুল বোঝেন এবং মনে করেন দেশের অভ্যন্তরীণ অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। ব্যস, তাঁরা শেয়ার বিক্রি করতে শুরু করে দেন। এ জন্য বিবিসির এশিয়া বিজনেস করেসপনডেন্ট কারিশমা ভাসওয়ানি তাঁর বিশ্লেষণে বলেছেন, এবারে ‘কালপ্রিট’ (অপরাধী) হলো চীনা মুদ্রা ইউয়ান।
জ্বালানি তেল: আন্তর্জাতিক বাজারে গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। আর যুক্তরাষ্ট্রের উৎপাদিত তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৩২ ডলার ৬২ সেন্টে নেমে গেছে। এর আগে ২০০৮ সালে বিশ্বমন্দা শুরু হওয়ার সময়ে যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৩২ ডলার ৪০ সেন্ট।
এবারে যুক্তরাষ্ট্রে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং চীনা মুদ্রা ইউয়ানের বিনিময় হার কমানোর ঘোষণায় তার নেতিবাচক প্রভাব পড়েছে তেলের বৈশ্বিক বাজারে।
বিশ্বাবাজারে গত বুধবার জ্বালানি তেলের দাম কমে ১১ বছর আগের অবস্থায় ফিরে যায়। ওই দিন প্রতি ব্যারেলের দাম ৩৪ ডলার ৮৮ সেন্টে নামে। ২০০৪ সালের ১ জুলাইয়ের পর এটিই হলো জ্বালানি তেলের সর্বনিম্ন দাম।
গত ২১ ডিসেম্বরেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি মাত্র ৩৬ ডলার ৫ সেন্টে নেমে গিয়েছিল। সেটিও ২০০৪ সাল-পরবর্তী গত ১১ বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বনিম্ন দামের আরেকটি রেকর্ড। সূত্র: বিবিসি