লেনদেন ২০১০ সালের অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স
>* সাইফ পাওয়ারটেকের রাইট অনুমোদন
* দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার হিসেবে প্রায় ১১ কোটি ৬৩ লাখ নতুন শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য ঠিক হয়েছে ১৫ টাকা। সাইফ পাওয়ারটেক রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে প্রায় ১৭৪ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকায় ব্যাংকঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের কাজে লাগাবে।
বিএসইসির একই সভায় তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের ৪০০ কোটি টাকার মুদারাবা বন্ড ছাড়ার প্রস্তাবও অনুমোদন করা হয়। ছয় বছর মেয়াদি অরূপান্তরযোগ্য এই বন্ডের মুনাফার হার সাড়ে ১২ শতাংশ। বন্ডের প্রতিটি ইউনিটের মূল্য ৫ লাখ টাকা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।
একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুটি ব্রোকারেজ হাউসকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্টকে ৫০ লাখ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অ্যালায়েন্স সিকিউরিটিজের পরিচালক ও তাঁদের আত্মীয়স্বজনকে বেআইনিভাবে প্রায় ২৮ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ায় প্রতিষ্ঠানটির বেশ কিছু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সুদসহ বিতরণ করা ঋণ ১৯ ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়।
বাজার পরিস্থিতি: এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ২০১০ সালের অবস্থায় ফিরে গেছে। আর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সটি সাড়ে ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা। ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১১ কোটি টাকার লেনদেন হয়েছিল ঢাকার বাজারে।
গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৮ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর এটিই তার সর্বোচ্চ অবস্থান। মূলত বড় মূলধনি কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির ওপর ভর করে গতকাল সূচকের বড় উত্থান ঘটেছে।