লেনদেনে আধিপত্য ১০ কোম্পানির
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল মঙ্গলবার ছিল ১০ কোম্পানির আধিপত্য। ঢাকার বাজারে এদিনের মোট লেনদেনের ৩১ শতাংশই ছিল এই ১০ কোম্পানির। কোম্পানিগুলো ছিল কনফিডেন্স সিমেন্ট, ডরিন পাওয়ার, শাশা ডেনিমস, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার, মবিল যমুনা লুব্রিকেন্টস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), কাশেম ড্রাইসেল ও আরগন ডেনিমস।
এদিকে আরও একটি নতুন মিউচুয়াল ফান্ডের খসড়া বিবরণীপত্র অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। ৫০ কোটি টাকার এ ফান্ডটির উদ্যোক্তা প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ কোটি টাকার বেমেয়াদি ফান্ডটির নাম হবে ‘প্রাইম ফিন্যান্স দ্বিতীয় মিউচুয়াল ফান্ড’। ফান্ডটি গঠনে উদ্যোক্তারা দেবে ২০ কোটি টাকা। বাকি ৩০ কোটি টাকা ইউনিট বিক্রি করে সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ টাকা। এ ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
বিএসইসির গতকালের সভায় এ ছাড়াও দুটি ব্রোকারেজ হাউসকে (ট্রেকধারী-ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাত লাখ টাকা জরিমানা ও অপর দুটিকে সতর্ক করা হয়েছে। যে দুটি ব্রোকারেজ হাউসকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো সিএমএসএল সিকিউরিটিজ ও সালতা ক্যাপিটাল। এর মধ্যে সালতা ক্যাপিটালকে তিন লাখ ও সিএমএসএলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে এরিনা সিকিউরিটিজ ও হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজকে সতর্ক করা হয়েছে।
বাজার পরিস্থিতি: গতকালও দেশের দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে। লেনদেন বেড়ে আবারও ৬৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দিন শেষে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৪ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি বাজারের মোট লেনদেনের ৩১ শতাংশ দখল করে নিয়েছে। এ ১০ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০১ কোটি টাকা।
আইডিএলসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেনদেনের নেতৃত্বে ছিল বিদ্যুৎ-জ্বালানি ও প্রকৌশল খাত। এর মধ্যে মোট লেনদেনের ১৭ শতাংশ ছিল বিদ্যুৎ-জ্বালানি খাতের আর ১৪ শতাংশ ছিল প্রকৌশল খাতের।
অন্যদিকে, নতুন করে ১০ শতাংশ শেয়ার ছাড়ার ঘোষণার পর গত সোমবার ডেসকোর শেয়ারের দাম কমলেও গতকাল তা বেড়েছে। সরকারি সিদ্ধান্তে গত রোববার রাষ্ট্রমালিকানাধীন ডেসকোর ১০ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এরপর রোববার দাম বাড়লেও সোমবার ডেসকোর শেয়ারের দাম কমেছে।
আর গতকাল ডিএসইতে ডেসকোর প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৭০ পয়সায়। ২০০৬ সালে ডেসকো সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারে যুক্ত হয়েছিল।