লেনদেনে ওষুধ খাত, মূল্যবৃদ্ধিতে বিমা খাতের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের খানিকটা উন্নতি হয়েছে। এ বাজারে গতকাল বুধবার লেনদেন সাড়ে তিন শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মোট লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৬২ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে খুব বেশি পরিবর্তন হয়নি। দিন শেষে সেখানকার বাজারে লেনদেন থেকে গেছে আগের দিনের কাছাকাছি, প্রায় ২৩ কোটি টাকা।
তবে গতকাল ঢাকা ও চট্টগ্রামের উভয় শেয়ারবাজারেই মূল্যসূচক আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।
ডিএসইতে এদিন লেনদেনে এককভাবে প্রাধান্য বিস্তার করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের হিসাবে, ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশই ছিল এই খাতের।
ওষুধ ও রসায়ন খাতের ২৭টি কোম্পানির মধ্যে লেনদেনে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মার আধিপত্যই ছিল বেশি। এ দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশের মতো। ডিএসইতে বুধবার লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল এ দুটি কোম্পানি।
এদিকে লেনদেনে ওষুধ খাতের প্রাধান্য থাকলেও মূল্যবৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে বিমা খাত। ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে পাঁচটিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলো হলো—প্রাইম ইসলামি লাইফ, অগ্রণী, প্যারামাউন্ট, সানলাইফ ও রিপাবলিক ইনস্যুরেন্স। এর মধ্যে প্রথম চারটি কোম্পানিই ছিল লেনদেন তালিকার শীর্ষ চার অবস্থানে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন ধরেই শেয়ারবাজারে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। এ কারণে সূচক ও লেনদেনে বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় এমনটা হচ্ছে।
বাজারের বর্তমান অবস্থায় বিনিয়োগকারীরা স্বল্পকালীন মুনাফার আশায় স্বল্প মূলধনী কোম্পানির প্রতি ঝুঁকছেন বলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির। প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে।
চট্টগ্রামের বাজারে বুধবার লেনদেন হওয়া ২৪৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৮৪টির।