লেনদেনে বড় ধরনের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধের পর গতকাল রোববার থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। ছুটির পর প্রথম কার্যদিবসে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুই-ই কমেছে। অর্থাৎ পতন দিয়েই ঈদ-পরবর্তী লেনদেন শুরু হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে লেনদেন নেমে এসেছে ২০০ কোটি টাকার ঘরে। লেনদেন হয়েছে প্রায় ২১০ কোটি টাকার। গত বছরের ১৯ মার্চের পর এটিই ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। ওই দিন ডিএসইতে ১৬৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ঈদের ছুটি শুরুর আগে গত ৩০ জুন শেষ কার্যদিবসে ডিএসইতে ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
মূল্যসূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬৫ পয়েন্ট কমে যায়। যদিও দিন শেষে সেই অবস্থা থেকে সূচকের বেশ উন্নতি হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক প্রায় ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৫ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন নেমে এসেছে মাত্র ১১ কোটি টাকায়। ঈদের ছুটির আগে ৩০ জুন শেষ কার্যদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি টাকা।
দুই বাজারের লেনদেনে পতনের কারণ সম্পর্কে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছুটির পর প্রথম দিনে বাজারে লেনদেনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীর সংখ্যা ছিল খুবই কম। আবার ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। একই কারণে বিদেশি বিনিয়োগকারীরাও এদিন নিষ্ক্রিয় ছিলেন। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও ছিল সীমিত।