সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সম্পন্ন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২২ পয়েন্টে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করলেও দিন শেষে সেটি স্থায়ী হয়নি। তবে গত ১২ কার্যদিবসে প্রধান এ সূচকটি ৫০০ পয়েন্টের মতো বেড়েছে। তা সত্ত্বেও বাজারের ওপর বিনিয়োগকারীদের পরিপূর্ণ আস্থা ফেরেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার বাজারে গতকালের লেনদেনের বড় অংশজুড়েই ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো। লেনদেনের ২০০ কোটি টাকাই ছিল এ খাতের।
জানা গেছে, বিদ্যুৎ খাতের নতুন প্রকল্প বাস্তবায়নে পুঁজিবাজারের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে এ খবরে এ খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়। যদিও এ খাতের তালিকাভুক্ত ১৮ কোম্পানির মধ্যে অধিকাংশের শেয়ারের দাম এদিন কমেছে।
গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে আসে পাওয়ার গ্রিড। প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৭ টাকা ৬০ পয়সায়। শীর্ষ লেনদেনের দুই কোম্পানিও ছিল বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার ও খুলনা পাওয়ার। দুই কোম্পানির শেয়ারের সম্মিলিত লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার।
ঢাকার বাজারে গতকাল ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টিরই দাম বেড়েছে, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৮০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি টাকা কম।