লেনদেনে ভাটার টান
দেশের শেয়ারবাজারে লেনদেনে আবারও ভাটার টান দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭৭ কোটি টাকা। অথচ মাত্র দুই কার্যদিবস আগে গত ২৭ অক্টোবরও ডিএসইতে ৬০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে সাড়ে ২৬ কোটি টাকায়। অথচ গত ৩০ অক্টোবরও সেখানকার বাজারে ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার যখন ইতিবাচক গতিতে থাকে, তখন লেনদেনও বাড়ে। কারণ তখন বিনিয়োগকারীরা লাভে একটি শেয়ার বিক্রি করেন, আবার অন্য শেয়ারে টাকা বিনিয়োগ করেন। কিন্তু যখন দরপতন শুরু হয়, তখন সেটি আর হয় না। কারণ লোকসানে কেউ শেয়ার বিক্রি করতে চান না সাধারণত। তাই উঠতি বাজারে লেনদেনে গতির সঞ্চার হলেও পড়তি বাজারে লেনদেন কমে যায়।
এদিকে লেনদেন কমলেও মঙ্গলবার ডিএসইতে সূচক সামান্য বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে প্রায় ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে। টানা পাঁচ দিন সূচক কমার পর গতকাল তা খানিকটা বেড়েছে। চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটিও এদিন ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫০ পয়েন্টে।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে সূচক ও শেয়ারের দামের ঊর্ধ্বগতি থাকলে তখন বাজার থাকে ক্রেতানির্ভর। কিন্তু যখন দাম কমতে শুরু করে, তখন বাজারও ধীরে ধীরে বিক্রেতানির্ভর হয়ে পড়ে। অনেক বিনিয়োগকারী হাতের শেয়ার বিক্রি করে বসে থাকেন। আবার লোকসানে শেয়ার বিক্রিতে অনাগ্রহীরা লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল কাশেম ড্রাইসেল। এক সপ্তাহের বেশি সময় ধরে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ারের আধিপত্য। সেই আধিপত্য খর্ব করে হঠাৎ করে অন্য কোম্পানি এসে শীর্ষস্থানটি দখল করে নেয়। গতকালও তেমনি ঘটেছে। ফলে ডরিন পাওয়ার লেনদেনের দ্বিতীয় অবস্থানে নেমে আসে। ডিএসইতে এদিন কাশেম ড্রাইসেলের লেনদেনের শীর্ষে উঠার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
লেনদেনের শীর্ষে জায়গা করে নিলেও এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দেড় টাকা বা পৌনে ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭০ পয়সায়। এককভাবে গতকাল কোম্পানিটির প্রায় ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের প্রায় ৪ শতাংশ।
লেনদেনে কাশেম ড্রাইসেল শীর্ষে থাকলেও ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট। মঙ্গলবার ঢাকার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১১ টাকা ২০ পয়সা বা প্রায় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৪০ পয়সায়। ডিএসইর বিধান অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দামের ওপর নির্ধারিত সীমা আরোপিত থাকে। এ কারণে সাধারণত এক দিনে কোনো কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বাড়তে বা কমতে পারে না। তবে কোনো কোম্পানির মূল্য সংবেদনশীল প্রাতিষ্ঠানিক (করপোরেট) ঘোষণা থাকলে এ কারণে এক দিন ওই কোম্পানির শেয়ারের দামের ওপর থেকে আরোপিত সীমা তুলে নেওয়া হয়।
কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল এটির দামের ওপর কোনো ধরনের সীমা আরোপিত ছিল না। ফলে এক দিনে প্রায় ১৩ শতাংশ দরবৃদ্ধি ঘটে।