লেনদেনে মৌল ভিত্তি না কারসাজি?

ফার কেমিক্যাল। ২০১৪ সালের জুলাইয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়া রসায়ন খাতের একটি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। লেনদেনের শীর্ষে থাকলেও দামের ক্ষেত্রে ছিল বেশ উত্থান-পতন।
সপ্তাহ শেষে ফার কেমিক্যালের প্রায় ৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে এক দিন দাম বেড়েছে আর বাকি তিন দিন কমেছে। তবু কেন কোম্পানিটি লেনদেনের শীর্ষে? এর পেছনে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কি?
এখন পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, আগামী মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা। যে সভা থেকে লভ্যাংশ ঘোষণা আসতে পারে। কারণ গত জুনে কোম্পানিটির আর্থিক বছর শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী, এখন ওই সমাপ্ত আর্থিক বছরের লাভ-লোকসানের হিসাব কষে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা বণ্টন করতে হবে।
গত আর্থিক বছর শেষে সেপ্টেম্বরে কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আর সে সময় এটির শেয়ারের দাম ৫০ টাকার আশপাশেই ছিল। এ বছর লভ্যাংশ ঘোষণার আগে ইতিমধ্যে বাজারে শেয়ারটির দাম ৫০ টাকার কাছাকাছি।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্চেন্ট ব্যাংকার বলেছেন, মৌল ভিত্তির তথ্যের চেয়ে এ শেয়ারটিকে নিয়ে কারসাজিকারকদের কারসাজির প্রবণতাই বেশি। এ কারণে এটির দামের ক্ষেত্রে মাঝেমধ্যে কিছু অস্বাভাবিক প্রবণতা লক্ষ করা যায়।
কোম্পানিটির শেয়ারের দামের অতীত প্রবণতা থেকে মার্চেন্ট ব্যাংকারদের অভিমতের পক্ষে কিছু প্রমাণও মেলে। গত বছর তালিকাভুক্তির পরপরই এটির অস্বাভাবিক দর বৃদ্ধি ঘটতে থাকে। তখন বাজার নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেয়। এর আগে মিথ্যা তথ্য দিয়ে কোম্পানিটিকে শেয়ারবাজারে আনার দায়ে ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছিল।
গত সপ্তাহে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল সাইফ পাওয়ারটেক। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির প্রায় ৬৯ কোটির টাকার শেয়ার লেনদেন হয়েছে। দামও বেড়েছে প্রায় সাত টাকার মতো। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের মধ্যে ছিল বছর শেষে শেয়ারধারীদের জন্য ২৯ শতাংশ লভ্যাংশের ঘোষণা ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে কনটেইনার টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত চুক্তির খবর।
উল্লেখিত দুই কোম্পানির পরপরই ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের দিক থেকে শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক। একেকটি একেক খাতের কোম্পানি। অর্থাৎ লেনদেনে একক খাতের কোনো প্রাধান্য ছিল না। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অবস্থাকে বলছেন ‘মিশ্র প্রবণতা’।
এদিকে, ঈদুল আজহার পাঁচ দিনের ছুটির পর গত ২৮ সেপ্টেম্বর থেকে বাজারে লেনদেন শুরু হয়। সেই হিসাবে গত সপ্তাহে মোট কার্যদিবস ছিল চার দিন। এ চার দিনে ঢাকার বাজারে ১ হাজার ৭৫০ কোটি টাকার লেনদেন হয়। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৩৭ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে মোট লেনদেন ৪৪৮ কোটি ও দৈনিক গড় লেনদেন তিন কোটি টাকা বেড়েছে।
লেনদেনের পরিমাণ বাড়লেও সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে ১৩৯টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকার শীর্ষে ছিল এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে এটির প্রতিটি ইউনিটের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় এরপর ছিল যথাক্রমে প্রিমিয়ার সিমেন্ট, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান, সাইফ পাওয়ারটেক ও এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড। এসব কোম্পানি ও ফান্ডের প্রতিটি শেয়ার ও ইউনিটের দাম ১২ থেকে প্রায় ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।