লেনদেনের আধিপত্যে আবার ইফাদ ও বিবিএস
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেনের আধিপত্যে ফিরেছে ইফাদ অটোস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)। গতকাল বুধবার দিন শেষে কোম্পানি দুটি ডিএসইতে লেনদেনের প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল। লেনদেনের আধিপত্যের পাশাপাশি এদিন কোম্পানি দুটির শেয়ারের দামও বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইফাদ অটোসের প্রতিটি শেয়ারের দাম গতকাল দিন শেষে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা বা সাড়ে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০২ টাকায়। আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা।
অপর কোম্পানি বিবিএসের প্রতিটি শেয়ারের দাম গতকাল ১ টাকা ৪০ পয়সা বা পৌনে ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকায়। দিন শেষে ডিএসইতে কোম্পানিটির প্রায় ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালও ঊর্ধ্বমুখী ধারায় ছিল। এর ফলে সূচকটি ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার ওপরে অবস্থান ধরে রেখেছে। বুধবার ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৮ পয়েন্টে। ২০১৪ সালের ৩ নভেম্বরের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান। গত মঙ্গলবার এ সূচকটি ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচক ৫ হাজার পয়েন্টের সীমা অতিক্রম করায় বিনিয়োগকারীদের একটি অংশ নতুন করে আশাবাদী হয়েছেন। সূচকটি কিছুদিন এ অবস্থান ধরে রাখতে পারলে তাতে বাজারে আরও গতি সঞ্চার হবে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৯টিরই দাম ২ শতাংশের বেশি বেড়েছে। গতকালের বাজারে খাতভিত্তিক আধিপত্যের শীর্ষে ছিল প্রকৌশল খাত। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১৭০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। খাতভিত্তিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৪ শতাংশ।
তবে ব্যাংক খাতের কোম্পানিগুলোর কিছুটা মূল্য সংশোধন হওয়ায় লেনদেন ও সূচকে গতিটা কিছুটা মন্থর ছিল। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৭২ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৩ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম।