লেনদেনের গতি বেড়েছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনের গতিও কিছুটা বেড়েছে দুই পুঁজিবাজারে।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার প্রায় ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০০১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৮২ কোটি টাকা।

ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০১১ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ২১৯ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৮৪ কোটি ৯১ লাখ টাকা। আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২১টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

দুপুর ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো জেমিনি সি ফুড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাফকো স্পিনিং, আইডিএলসি, সিটি ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, ওয়াটা কেমিক্যাল, বিবিএস কেব্‌লস, বেক্সিমকো ফার্মা ও লঙ্কা-বাংলা ফাইন্যান্স।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন ২০১৭ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৬ পয়সা।

ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ৩ পয়সা। এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৪ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ টাকা ২ পয়সা।

ব্যাংকিং খাতের আরেক প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৮ পয়সা। এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৩ টাকা ৯ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩৭ দশমিক ৮৮ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৮ কোটি ৪১ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৯৩ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৬৯টির। দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।