লেনদেনের শীর্ষে অ্যাকটিভ ফাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি অ্যাকটিভ ফাইন। পাশাপাশি মূল্যবৃদ্ধিতেও এদিন কোম্পানিটি ছিল দ্বিতীয় অবস্থানে। সোমবার ডিএসইতে শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স।

ঢাকার বাজারে গতকাল এককভাবে অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের প্রায় ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা বা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৬ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১১ টাকা বা প্রায় ২৬ শতাংশ বেড়েছে। গত ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৪২ টাকা। গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকায়। যদিও এ সময়ের মধ্যে শেয়ারের দাম প্রভাবিত হওয়ার মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া ১৬ দিনে ২৬ শতাংশ দাম বেড়েছে কোম্পানিটির শেয়ারের।

এদিকে গতকাল দিন শেষে ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকার দ্বিতীয় স্থানে ছিল অ্যাকটিভ ফাইন। ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল সাড়ে ৫৬ টাকায়, সেটি ২০১৬ সালের ১৫ মার্চে।

অ্যাকটিভ ফাইনের পর লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো। এর ফলে সোমবার লেনদেনের শীর্ষে থাকা লংকাবাংলা ফিন্যান্স ছিটকে পড়েছে তৃতীয় স্থানে। গতকাল ডিএসইতে এককভাবে বেক্সিমকোর প্রায় ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ১০ পয়সায়। এর ফলে মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকার দশম অবস্থানে ছিল কোম্পানিটি।

ঢাকার বাজারে লেনদেনের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাকটিভ ফাইন ও বেক্সিমকোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১১ শতাংশ।

এদিকে শেয়ারবাজারে গতকালও কিছুটা মূল্য সংশোধন হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ৩৭৬ পয়েন্টে। তবে সূচক কমলেও দুই বাজারে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩২ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেন হয়েছে প্রায় ৯৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি।