লেনদেনের শীর্ষে সেই বারাকা ও লংকাবাংলা
শেয়ারবাজারের লেনদেনে দাপুটে আধিপত্য ধরে রেখেছে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার ও আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে বারাকা ও লংকাবাংলা।
ডিএসইর তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে কোম্পানি দুটি লেনদেন ও মূল্যবৃদ্ধিতে বেশ দাপুটে অবস্থানে রয়েছে। ডিএসইতে গতকাল এই দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৯ কোটি টাকা। এর মধ্যে এককভাবে বারাকা পাওয়ারের প্রায় ৬৫ কোটি ও লংকাবাংলার ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে মূল্যবৃদ্ধিতে বারাকা পাওয়ারের চেয়ে লংকাবাংলা কিছুটা পিছিয়ে ছিল এদিন।
দিন শেষে গতকাল বারাকা পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ৩ শতাংশ বা দেড় টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকায়। আর লংকাবাংলার প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ২০ পয়সায়। তবে গতকাল মূল্যবৃদ্ধিতে হঠাৎ করেই শীর্ষে জায়গা করে নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এদিন প্রায় ৭ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ টাকায়।
এদিকে সপ্তাহের প্রথম দিনে ঢাকার বাজারে লেনদেন বাড়লেও সূচক সামান্য কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৮ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আড়াই কোটি টাকা বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে গতকালের বাজার সম্পর্কে বলা হয়েছে, ব্যাংকসহ স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হয়েছে বাজারে। তার বিপরীতে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটেছে। এই খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম দিন শেষে গড়ে ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। আর্থিক খাতের মধ্যে এককভাবে সর্বোচ্চ ৬ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে আইসিবির। লেনদেনে আধিপত্য ছিল প্রকৌশল খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৬ শতাংশই ছিল এই খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর।