লোকসানি কোম্পানি সাভার রিফ্যাক্টরিজ দর বৃদ্ধির শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে দর বৃদ্ধিতে শীর্ষে ছিল সাভার রিফ্যাক্টরিজ। দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণিভুক্ত এ কোম্পানির প্রতিটি শেয়ারের দাম সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ টাকা ৩০ পয়সা বা ২৭ শতাংশ বেড়েছে।

সর্বশেষ গত জুনে সমাপ্ত আর্থিক বছরেও কোম্পানিটি শেয়ারধারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। আবার চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর-২০১৬) যে আয় প্রকাশ করা হয়েছে তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৩১ পয়সা ঋণাত্মক। অর্থাৎ লোকসানে চলছে কোম্পানিটি। কিন্তু দর বৃদ্ধিতে আর্থিক এ দুর্বল পারফরম্যান্সের কোনো প্রতিফলন নেই। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর লোকসানি এ কোম্পানির শেয়ারের বাজারমূল্য এখন ৬৭ টাকারও বেশি। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এ ধরনের দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কারসাজির ঘটনা থাকতে পারে।

সাভার রিফ্যাক্টরিজের পর দর বৃদ্ধিতে ঢাকার বাজারে গত সপ্তাহে দ্বিতীয় অবস্থানে ছিল বারাকা পাওয়ার। সপ্তাহের মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা বা প্রায় সাড়ে ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪০ পয়সায়।

ডিএস​ইতে সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৪২৮ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে সাড়ে ৩ শতাংশ বা ১৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। গত বৃহস্পতিবার ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, ‘সূচক নিয়ে ভয়ের কিছু নেই’। তবে ধারদেনা, স্ত্রীর গয়না, জমি বিক্রি করে বাজারে বিনিয়োগ না করারও আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।