শনিবারের লেনদেনে সূচক বেড়েছে উভয় বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল দেশের শেয়ারবাজার খোলা ছিল। স্বাভাবিক কর্মদিবসের মতো এদিনও সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা লেনদেন হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটির আমেজ দেখা যায়নি শেয়ারবাজারে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৪ পয়েন্টে। তবে দুই বাজারের মধ্যে চট্টগ্রামে লেনদেন বাড়লেও কমেছে ঢাকার বাজারে।

লেনদেনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে বেশ কিছুদিন ধরে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। তবে এর মধ্যেও ভালো মানের কিছু তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, এটা বাজারের জন্য ইতিবাচক দিক।

মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের দামেও একধরনের গতি দেখা গেছে। জুন মাসে বিভিন্ন কোম্পানির হিসাব বছর শেষ হওয়ায় এবং আরও কিছু কোম্পানির আর্থিক প্রতিবেদনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ পাওয়া ও শেয়ারের মূল্যবৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। এসব কারণে সার্বিকভাবে না হলেও কোম্পানি ও খাতভিত্তিক কিছু ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে।

ঢাকার বাজারে গতকাল ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৫টির। লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা লুব্রিকেন্টস, বিএসআরএম ও ইসলামী ব্যাংক। এই পাঁচ কোম্পানির সমন্বিত লেনদেনের পরিমাণই ছিল প্রায় ৯৮ কোটি টাকা, যা ডিএসইর গতকালের মোট লেনদেনের ২৬ শতাংশের বেশি।

ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৭১ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৯ কোটি টাকা কম। এদিন ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিবিধ খাতের কোম্পানি আরামিট। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩৩ টাকা বা ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ টাকা।

চট্টগ্রামের বাজারে গতকাল ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

লেনদেন শুরু হচ্ছে ইভান্স টেক্সটাইলের: দেশের শেয়ারবাজারে আজ রোববার থেকে বস্ত্র খাতের আরেকটি কোম্পানির লেনদেন শুরু হতে যাচ্ছে। ইভান্স টেক্সটাইল নামের এই কোম্পানিটি ইভান্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। আর এই গ্রুপের চেয়ারম্যান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। এর আগে ইভান্স গ্রুপের আরেক প্রতিষ্ঠান আরগন ডেনিমও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ইভান্স টেক্সটাইলের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি হয়। গত মে মাসে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।