শাশা ডেনিমসের লেনদেন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার থেকে বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের লেনদেন শুরু হচ্ছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি গত ডিসেম্বরে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। আইপিওতে পাঁচ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৩৫ টাকা।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ডিইপিজেডে অবস্থিত এ কোম্পানি ১৯৯৬ সালে গঠন করা হয়। এটির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু হয় ২০০০ সালে। কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী পারভীন মাহমুদ ও ছেলে শামস মাহমুদ। কোম্পানিটির আইপিও অনুমোদনের সময় মন্ত্রীর পদে থেকেও এটির পরিচালক ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ। পরে এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়, যার সূত্র ধরে উচ্চ আদালতে রিট হলে পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আনিসুল ইসলাম মাহমুদ।