শাহজিবাজার ও খান ব্রাদার্সের শেয়ারের দরে নেতিবাচক প্রভাব
ঋণসুবিধা বন্ধের প্রথম দিনে ধাক্কা খেল শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের শেয়ার। গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২৯ টাকা ৬০ পয়সা বা পৌনে ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০৯ টাকা ২০ পয়সায়।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল থেকে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ করে দেয়। একই সঙ্গে লেনদেনের জন্য কোম্পানির শেয়ার স্পট মার্কেট বা নগদ লেনদেনের বাজারে স্থানান্তর করা হয়।
বিএসইসির সিদ্ধান্তের পর গতকাল কোম্পানির শেয়ারের দামের পাশাপাশি লেনদেনের ওপরও বড় ধরনের প্রভাব দেখা গেছে। ডিএসইতে এদিন মাত্র পাঁচ হাজার ৮০০ শেয়ারের লেনদেন হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল কোম্পানিটির কোনো শেয়ারেরই লেনদেন হয়নি। ডিএসইতেও কোম্পানিটির শেয়ারের ক্রেতা ছিল খুবই কম। এ কারণে খুব কমসংখ্যক শেয়ার লেনদেন হয়েছে।
গত জুলাইয়ে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে শাহজিবাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতে থাকে। এ কারণে মাঝে এক দফা কোম্পানিটির লেনদেন স্থগিত রাখা হয়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করায় বিএসইসি। হিসাব কারসাজির দায়ে জরিমানা করা হয় কোম্পানিটির পরিচালকদের।
অন্যদিকে লেনদেন শুরুর প্রথম দিনে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরের দিনেই বড় ধাক্কা খেল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। একদিনে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৪ টাকা ১০ পয়সা বা প্রায় সাড়ে ১৮ শতাংশ কমে হয়েছে ৬৩ টাকা ৮০ পয়সা।
নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রথম পাঁচ দিন কোনো ধরনের মূল্যস্তর বা সার্কিট ব্রেকার থাকে না। এ কারণে দামের উত্থান-পতনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়তে পারে। প্রথম পাঁচ দিনের লেনদেন শেষে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী, শেয়ারের দামের উত্থান-পতনের ওপর মূল্যস্তর বা সার্কিট ব্রেকার আরোপ করা হয়।
গত মঙ্গলবার লেনদেন শুরু হয় খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার। ওই দিন কোম্পানিটির ১০ টাকার শেয়ারের দাম উঠে ৭৮ টাকায়। যেটিকে কোম্পানি কর্তৃপক্ষ ও বিশ্লেষকেরা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত বলে অভিমত দেন।