শাহজিবাজার পাওয়ারের লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে বিষয়টি তদন্তে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য শাহজিবাজার পাওয়ার কোম্পানির লেনদেন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে বলে সংবাদে বলা হয়।

এর আগে শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে কোম্পানিটিকে ডিএসই কর্তৃপক্ষ নোটিশ দেয়। এর জবাবে কোম্পানি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

ডিএসইতে আজ শাহজিবাজার পাওয়ারের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ দাম ছিল ৮৯ টাকা ২০ পয়সা। গত ১৫ জুলাই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৩৬ টাকা ৫০ পয়সা।