শাহজিবাজারসহ ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে অনিয়ম করায় আরও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিচ্ছে কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়।
বিএসইসি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠান পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম শুরুর তথ্য পুঁজিবাজারে তালিকাভুক্তির পর মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করেনি শাহজিবাজার পাওয়ার কোম্পানি। বিষয়টি সিকিউরিটিজ-সংক্রান্ত আইনের [সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৩ এর উপ-বিধি (২)] লঙ্ঘন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এ ছাড়া শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার বিষয়টি কমিশন সভায় পর্যলোচনা করা হয়। সার্বিক বিষয় পর্যলোচনা করে কমিশন এনফোর্সমেন্ট বিভাগকে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে । প্রতিষ্ঠান চারটি হলো পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, শার্প সিকিউরিটিজ লিমিটেড, গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড ও মোনা ফাইনান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।