শাহজিবাজারের শেয়ার চরম ক্রেতাসংকটে
ঋণসুবিধা বন্ধ করে দেওয়ার পর চরম ক্রেতাসংকট দেখা দিয়েছে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের শেয়ারে। ক্রেতাসংকটে গত দুই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির একটি শেয়ারও লেনদেন হয়নি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির মাত্র পাঁচ হাজার ৪০০ শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে কোম্পানিটির পাঁচ হাজার ৮০০ শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ গত দুই দিনে ডিএসইতে ১১ হাজার ২০০ শেয়ারের লেনদেন হয়েছে। দুই দিনই ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটেছে। এর ফলে গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ২৮২ টাকা ২০ পয়সা। এদিন প্রতিটি শেয়ারের দাম কমেছে ২৭ টাকা বা পৌনে ৯ শতাংশ।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে গত বুধবার থেকে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ করে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সে সঙ্গে লেনদেনের জন্য কোম্পানিটির শেয়ার স্পট মার্কেট বা নগদ লেনদেনের বাজারে স্থানান্তর করা হয়।
বিএসইসির সিদ্ধান্তের ফলে ঋণ বন্ধের প্রথম দিনেই বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে কোম্পানিটির শেয়ারের দামে। ওই দিন
ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ২৯ টাকা ৬০ পয়সা বা পৌনে ৯ শতাংশ কমেছিল। আর গত দুই দিনে প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৫৬ টাকা বা সাড়ে ১৭ শতাংশ কমেছে।
গতকাল ডিএসইতে দেখা গেছে, সকাল থেকে ২৮২ টাকা ২০ পয়সায় কোম্পানিটির তিন লক্ষাধিক শেয়ারের বিক্রয় আদেশ থাকলেও ক্রেতা ছিল না। দিনভর ওই বিক্রয় আদেশ বহাল থাকলেও মাত্র কয়েক হাজারের শেয়ারের হাতবদল হয়েছে।
অন্যদিকে লেনদেন শুরুর তৃতীয় কার্যদিবসে এসে গতকাল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম নেমে এসেছে ৫৭ টাকা ৪ পয়সায়। অথচ গত মঙ্গলবার লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির ১০ টাকার প্রতিটি শেয়ারের দাম উঠেছিল ৭৮ টাকায়। ওই দামকে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত বলে মত দিয়েছিলেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি কর্তৃপক্ষ। এরপর দ্বিতীয় কার্যদিবস থেকে কোম্পানিটির দরপতন শুরু হয়।