শাহজিবাজারের শেয়ার লেনদেনে অনিয়ম
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার। কোম্পানিটি সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণসংক্রান্ত নির্দেশনা অমান্য করেছে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ জন্য শাহজিবাজার পাওয়ারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শাহজিবাজারের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরুর তথ্যটি গোপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পর পর কোম্পানিটির এই মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করার কথা। এ ছাড়া কোম্পানিটির শেয়ার লেনদেনে কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজে পেয়েছে বিএসইসি। এগুলো হলো: পিএফআই সিকিউরিটিজ, সার্প সিকিউরিটিজ, গ্যালাক্সি ক্যাপিটাল ও মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ।
গত ১৫ জুলাই শাহজিবাজার পাওয়ারের লেনদেন শুরু হয়। এর এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটলে বিএসইসি গত ৪ আগস্ট একটি তদন্ত দল গঠন করে। তাতেও অস্বাভাবিক দর বৃদ্ধি অব্যাহত থাকায় ১১ আগস্ট দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির শেয়ার লেনদেন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করে রাখে। গতকাল পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল ছিল।