শাহজীবাজার পাওয়ারের লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ারের মূল্যবৃদ্ধির লাগাম টানতে লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ গতকাল সোমবার একই সঙ্গে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্থগিত করে। ফলে গতকাল কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়নি। গত ১৫ জুলাই শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। প্রথম দিন এটির প্রতিটি শেয়ারের দাম ছিল সাড়ে ৩৬ টাকা। মাত্র ১৪ কার্যদিবসের ব্যবধানে ১০ আগস্ট সেটির দাম বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ২০ পয়সা। ডিএসই বলছে, সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে প্রায় ৪৫-এ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩ আগস্ট কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর পরও শেয়ারের লাগামহীন মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল দুই স্টক এক্সচেঞ্জ অনির্দিষ্টকালের জন্য লেনদেন স্থগিত করে ।