শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা ডিএসইতে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৩৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, আরএকে সিরামিকস, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট প্রভৃতি।