শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও দুর্গপূজার ছুটির পর প্রথম কর্মদিবস আজ রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২৮৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির দাম বেড়েছে। কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, কেপিসিএল, সিটি ব্যাংক, সামিট পাওয়ার, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, তিতাস গ্যাস, ডেল্টা স্পিনিং, এনবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রভৃতি।