শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে আরও একটি কোম্পানি। শেফার্ড ইন্ডাস্ট্রিজ নামের এ কোম্পানিটিকে ২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সভায় যমুনা ব্যাংককে বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহেরও অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে সংগৃহীত ২০ কোটি টাকায় কোম্পানিটি ওয়াশিং প্ল্যান্টের ভবন ও যন্ত্রপাতি ক্রয়ের পাশাপাশি ব্যাংকঋণ শোধ করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
বিএসইসিতে কোম্পানিটি যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে গত পাঁচ আর্থিক বছরে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসের গড় দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা। ২০০০ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি বিভিন্ন ধরনের সুতা তৈরি করে থাকে।
বিএসইসির গতকালের সভায় যমুনা ব্যাংকের মূলধন চাহিদা পূরণের জন্য সাত বছর মেয়াদি ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তির কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করা হবে। এ জন্য বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
এ ছাড়াও বিএসইসির সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত একটি ব্রোকারেজ হাউসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজকে এ জরিমানা করা হয়।