শেয়ার কারসাজি মামলার আজ আবার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) শেয়ার কারসাজি মামলার শুনানি আজ সোমবার আবার অনুষ্ঠিত হবে। শুনানি গ্রহণ করবেন পুঁজিবাজারের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ আদালত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশেষ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর এর আগে ৮ জুলাই শুনানি গ্রহণ করে মামলার আসামি দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৭ সালে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনায়েত করিম ও বিডি ওয়েল্ডিংয়ের এমডি এস নূরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। তখন ৬ টাকা মূল্যের শেয়ারের দাম ওঠে ৫০ টাকা। আর এই দুই মাসে ১৭ কোটি টাকা মুনাফা অর্জন করেন কয়েকজন বিনিয়োগকারী।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিএসইসি বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদের কাছে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি না, জানতে চায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে প্রথমে জানানো হয়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের জানা নেই। কিন্তু এর কয়েক দিন পরই তারা জানায়, সৌদি আরবের আল-আওয়াদ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ারের মালিকানা বিক্রির ব্যাপারে কথাবার্তা চলছে। সৌদি গ্রুপটি এ দেশে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং তাদের সঙ্গে নিয়মিত ই-মেইলে যোগাযোগ করা হচ্ছে।
বিএসইসির কাছে পুরো বিষয়টিই রহস্যজনক মনে হলে সংস্থার তৎকালীন পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও সহকারী পরিচালক তানিয়া শারমিনের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। দলটির তদন্তে উঠে আসে, ই-মেইলগুলো আসলে জাল এবং এগুলো দেশের ভেতর থেকেই পাঠানো। সৌদি আরবের সঙ্গে এসব ই-মেইলের কোনো সম্পর্ক নেই। তদন্ত প্রতিবেদনে অনেককে অভিযুক্ত করা হলেও পরে ২০০৭ সালের ২৩ মে মামলা হয় শুধু এনায়েত করিম ও এস নূরুল ইসলামের বিরুদ্ধে।
এনায়েত করিমের সঙ্গে গতকাল রোববার ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি।
এনায়েত করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার চিঠি এসেছে কি না, সে সম্পর্কে যোগাযোগ করা হলে তা জানাতে পারেননি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম।