শেয়ারবাজার এখনো কারসাজিমুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক আহমেদ চৌধুরী
তৌফিক আহমেদ চৌধুরী
সাম্প্রতিক সময়ের শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার রায়, বাজার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর সরকার গঠিত তদন্ত কমিটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী

 প্রথম আলো: সম্প্রতি ৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির একটিসহ একাধিক মামলার রায় হয়েছে। এত দিন পর রায় ঘোষণার বিষয়টি কীভাবে দেখছেন।

তৌফিক আহমেদ চৌধুরী: দেরিতে হলেও ৯৬ সালের মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। একটি মামলার রায়ও হয়েছে। বাজারের জন্য এটি খুবই ইতিবাচক। এর ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়বে। বিলম্বে হলেও সরকার শেয়ারবাজারের মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে। এখন সেখানে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

আস্তে আস্তে অন্য মামলাগুলোও ট্রাইব্যুনালে আসবে এবং বিচারও হবে। তাতে করে মামলাগুলোকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান ঘটবে।
প্রথম আলো: এর ফলে শেয়ারবাজারের কি উপকার হবে?
তৌফিক আহমেদ চৌধুরী: দুই দফা শেয়ারবাজার কেলেঙ্কারির পরও কারসাজির সঙ্গে যুক্ত অনেকেই বাজারে সক্রিয় ছিল। সরকার শেয়ারবাজারকে পরিচ্ছন্ন করতে চায় এমন বার্তা যাবে, এসব রায়ের মধ্য দিয়ে। যা দীর্ঘ মেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনবে।
প্রথম আলো: ২০১০ সালের ধসের পর আপনাদের তদন্ত কমিটিও বেশ কিছু সুপারিশ করেছে। সেসব সুপারিশের কতটুকু অগ্রগতি হয়েছে?
তৌফিক আহমেদ চৌধুরী: তদন্ত প্রতিবেদন দেওয়ার পর সেটির অগ্রগতি নিয়ে আমরা কোনো ধরনের তদারকিতে ছিলাম না। সেটি আমাদের কাজও ছিল না। তবে বাইরে থেকে যতটুকু জেনেছি আমাদের সুপারিশের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করার (ডিমিউচুয়ালাইজেশন) কাজটি সম্পন্ন করা হয়েছে। একাধিক মামলা হয়েছে। তবে আরও যেসব বিষয়ে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছিল সেগুলো কী অবস্থায় আছে তা জানা নেই।
প্রথম আলো: বর্তমান কমিশনের হাত ধরে অনেক বাজে কোম্পানি বাজারে আসছে। এটিকে কীভাবে দেখছেন।
তৌফিক আহমেদ চৌধুরী: প্রত্যেক কাজেরই একটা বিপরীত প্রভাব বা প্রতিক্রিয়া আছে। যদি বর্তমান কমিশন বাজারে বাজে কোম্পানি নিয়ে আসে, তাহলে একসময় না একসময় সেটির বিপরীত প্রভাব বাজারে পড়বেই। তখন এর ভেতরকার ঘটনাগুলোও বেরিয়ে আসবে।
প্রথম আলো: আপনাদের প্রতিবেদনে অনেকগুলো কারসাজির ঘটনা আপনারা তুলে ধরেছিলেন। আপনি কী মনে করেন এখন সেসব কারসাজি বন্ধ হয়েছে।
তৌফিক আহমেদ চৌধুরী: না। আমি মনে করি না বাজার এখনো পুরোপুরি কারসাজিমুক্ত হয়েছে। বাজারের বড় দিকটি হচ্ছে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস, সেটি ফিরে আসেনি। যদি বিনিয়োগকারীদের পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে আসত তাহলে বাজারে ইতিবাচক ধারা দেখা যেত। বিনিয়োগকারী যখন বুঝবে নিয়ন্ত্রক সংস্থা সত্যিকার অর্থেই তাদের স্বার্থ রক্ষা করবে তখনই তারা বাজারের প্রতি আস্থা ফিরে পাবে। এখনো তেমনটি দেখা যাচ্ছে না। তার মানে, বাজারের ওপর এখনো নিয়ন্ত্রক সংস্থার পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি।
প্রথম আলো: ২০১০ সালের ধসের পর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে। এত দিন পরেও বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না?
তৌফিক আহমেদ চৌধুরী: পরিপূর্ণ আস্থা না ফিরলেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সচেতনতা ফিরেছে। একটা বিষয় এখন অনেকে বুঝতে পারছে শেয়ারবাজার আসলে সবার জন্য না। এটি একটি জ্ঞানভিত্তিক বাজার। এখানে যাঁরা আসবেন তাঁদের ঝুঁকি বহন করার মতো আর্থিক ক্ষমতাও থাকতে হবে। ধসের আগে বাজারে যেভাবে লোক এসেছে তাদের সবার এ বাজারে আসার কথা না। সুতরাং ধসের পর তাদের একটি অংশ আর শেয়ারবাজারে আসবে না এটা ধরে নেওয়া যায়। অন্যদিকে কারসাজির সঙ্গে জড়িত এমন লোকদের নামসহ সুনির্দিষ্ট করে আমাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তাঁরা এখেনা বহাল। তাঁদের নিষ্ক্রিয় করা বা তাঁদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিনিয়োগকারীদের আস্থা না ফেরার পেছনে এটা আরেকটা বড় কারণ। তদন্ত প্রতিবেদনের কথা যদি বাদও দিই তাহলেও কিন্তু দেখা যাবে বাজারে যাঁরা রয়েছেন তাঁরা কিন্তু প্রত্যেকেই জানেন কারা অনিয়মের সঙ্গে জড়িত। সেসব লোকের বিরুদ্ধে যত দিন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না তত দিন পর্যন্ত বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না।
প্রথম আলো: শেয়ারবাজার ও ব্যাংকিং খাতে গত কয়েক বছরে বড় বড় বেশ কিছু অনিয়মের বা লুটপাটের ঘটনা ঘটেছে। এর জন্য বৃহৎ পরিসরে রাজনৈতিক প্রভাব ও নিয়োগকে দায়ী করা হয়। এটা কতটা বাস্তব?
তৌফিক আহমেদ চৌধুরী: আর্থিক খাতে নিয়োগের ক্ষেত্রে সব সময় নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের মাধ্যমে নিয়োগের কথা বলা হয়। যাতে করে যোগ্য লোকটাকে খুঁজে বের করা যায়। কিন্তু আমাদের এখানে বেশির ভাগ ক্ষেত্রেই সেটি হয় না। আমরা ধরে নিতে পারি প্রত্যেক সরকারই সব জায়গায় তাঁর নিজের লোক নিয়োগ করবে। সেটিতে খুব বেশি আপত্তির কিছু নেই। যদি যথাযথ নিয়ম অনুসরণ করে যোগ্য লোকটিকে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি থাকা উচিত। বাংলাদেশ ব্যাংকের কাছেই সেই ক্ষমতাটি দেওয়া দরকার। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা তাতে রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের কোনো পরিচালক যদি অনিয়ম করেন তাহলে তাঁকে অপসারণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের নেই। এ কারণেই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে বড় বড় অনিয়মের ঘটনা ঘটে।
প্রথম আলো: সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকের লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত সাবেক এক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো দায় পায়নি। যদিও সুনির্দিষ্টভাবেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল।
তৌফিক আহমেদ চৌধুরী: এ ধরনের ঘটনা সমাজে খুবই খারাপ প্রভাব ফেলবে। অপরাধীর যদি শাস্তি না হয় তাতে অন্যরা উৎসাহিত হয়। এ জন্য রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার জন্য লম্বা লাইন থাকে, নানা তদবির হয়। কারণ, তারা বুঝতে পারে এটি থেকে ভালো অর্থ উপার্জন করা যাবে। যদি দায়মুক্তির সংস্কৃতি থাকে, তাতে নিয়োগপ্রাপ্তরা নিজের লোকজনকে ব্যবহার করে অনিয়ম করেও বহালতবিয়তে থাকার চেষ্টা করবেন।