শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত তহবিলের আরও ৩০০ কোটি টাকা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধা কার্যকরে গঠিত বিশেষ তহবিলের দ্বিতীয় কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় হয়েছে। তহবিলটির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গতকাল এ অর্থ বুঝে পেয়েছে।

জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দ্বিতীয় কিস্তির অর্থ হাতে পাওয়ার পর তা থেকে গতকাল ১১ কোটি টাকা ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমতি দেয়। নিয়ম অনুযায়ী, মন্ত্রণালয়ের অনুমোদন-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ ব্যাংক এ অর্থ ছাড় করে।

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফে সরকারের পক্ষ থেকে ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে ৯০০ কোটি টাকার বিশেষ একটি তহবিল গঠন করা হয়। এরই মধ্যে তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়।

তহবিল গঠনের সময় বলা হয়েছিল, ৩০০ কোটি টাকা করে তিন কিস্তিতে ৯০০ কোটি টাকা ছাড় করা হবে।

২০১০ সালে শেয়ারবাজার ধসের পর প্রধানমন্ত্রীর আগ্রহে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তাতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের ঘোষণা দেওয়া হয়। সেই প্রণোদনা বাস্তবায়নে ২০১২ সালে এ তহবিল গঠন করা হয়। প্রাথমিকভাবে তহবিলটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৬ সাল পর্যন্ত।

তহবিলটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, বাংলাদেশ ব্যাংক ও আইসিবির পাঁচ কর্মকর্তার সমন্বয়ে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদারকি কমিটি।

তদারকি কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তহবিলের প্রথম কিস্তির টাকা প্রায় ১০ হাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। ১৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হয়েছে। এরই মধ্যে বিতরণ করা অর্থ ফেরত আসতে শুরু করেছে। সেই সঙ্গে সুদ বাবদও তহবিলের আয় জমা হতে শুরু করেছে।